ফ্রি ট্রান্সফারে রিয়ালে যোগ দিলেন বার্নাদো সিলভা

ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ নয় বছরের সম্পর্ক শেষ করে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন বার্নার্দো সিলভা। পর্তুগিজ মিডফিল্ডারকে ফ্রি ট্রান্সফারে দলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। রিয়ালের সঙ্গে তার চুক্তি দুই মৌসুমের, ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।
৩১ বছর বয়সী সিলভা গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়েন। ২০১৭ সালে মোনাকো থেকে সিটিতে যোগ দেওয়ার পর পেপ গার্দিওলার দলের অন্যতম নির্ভরযোগ্য মুখ হয়ে ওঠেন তিনি। মাঝমাঠ, উইং, অ্যাটাকিং মিডফিল্ড—একাধিক ভূমিকায় খেলতে পারা এই ফুটবলার সিটির সাফল্যের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।
সিটির জার্সিতে সিলভার অধ্যায় ছিল ট্রফিতে ভরা। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ—ইংলিশ ক্লাবটির বড় সাফল্যগুলোর সঙ্গে জড়িয়ে আছে তার নাম। শুধু গোল বা অ্যাসিস্ট নয়, চাপ প্রয়োগ, বল ধরে রাখা, ছোট জায়গায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং বড় ম্যাচে শান্ত থাকার ক্ষমতাই তাকে আলাদা করেছে।
রিয়াল মাদ্রিদের জন্য এই সাইনিং বিশেষ গুরুত্বপূর্ণ। গত মৌসুমে লা লিগা জিততে পারেনি তারা, চ্যাম্পিয়নস লিগেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। তাই নতুন মৌসুমের আগে দল পুনর্গঠনের পথে হাঁটছে মাদ্রিদের ক্লাবটি।
সিলভার যোগ দেওয়া সেই পরিকল্পনারই অংশ। রিয়ালের মাঝমাঠে অভিজ্ঞতা, সৃজনশীলতা ও টেকনিক্যাল ভারসাম্য যোগ করতে পারেন তিনি। জোসে মরিনিওর অধীনে তার ভূমিকা কী হবে, সেটি এখন দেখার। তবে সিলভার বহুমুখিতা রিয়ালের জন্য বড় সুবিধা হতে পারে। তিনি ডান দিক থেকে ভেতরে ঢুকে খেলতে পারেন, মাঝমাঠে বল নিয়ন্ত্রণ করতে পারেন, আবার প্রয়োজন হলে আক্রমণভাগের পেছনেও কার্যকর হতে পারেন।
রিয়ালে আসার আগে সিলভাকে ঘিরে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের আগ্রহের কথাও শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত তাকে দলে টেনে নেয় রিয়াল। ট্রান্সফার ফি না থাকায় এটিকে মাদ্রিদ ক্লাবটির জন্য কৌশলী চুক্তি হিসেবেই দেখা হচ্ছে।
বর্তমানে সিলভা পর্তুগাল দলের সঙ্গে বিশ্বকাপে আছেন।
