কষ্টকর জয়ে কোপা দেল রের সেমিতে বার্সা

স্প্যানিশ কোপা দেল রের শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। আলবাসেতের মাঠ কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে কঠিন লড়াইয়ে ২-১ গোলের জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচে বার্সার হয়ে গোল করেন লামিনে ইয়ামাল ও রোনাল্ড আরাউহো, শেষ দিকে আলবাসেতের হয়ে ব্যবধান কমান জাভি মোরেনো। তবে অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ানোর সম্ভাবনা নষ্ট করে দেন জেরার্ড মার্টিন, গোললাইন থেকে বল সরিয়ে।
এই জয়ের ফলে কোপা দেল রে জিততে এখন বার্সেলোনার সামনে বাকি মাত্র তিনটি ম্যাচ। এরই মধ্যে স্প্যানিশ সুপার কাপ জেতা, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নেওয়া এবং লা লিগায় শীর্ষে থাকা কাতালান ক্লাবটি সব প্রতিযোগিতাতেই শিরোপার লড়াইয়ে দৃঢ় অবস্থানে রয়েছে।
আলবাসেতে ম্যাচের শুরু থেকেই সতর্ক ছিল বার্সেলোনা। প্রতিপক্ষ এরই মধ্যে দুটি শীর্ষ লিগের দলকে বিদায় করেছিল, তাই আত্মতুষ্টির কোনো সুযোগ ছিল না। সে কারণেই প্রায় পূর্ণ শক্তির একাদশ নামান ফ্লিক। যদিও ইনজুরির কারণে দলে ছিলেন না রাফিনিয়া, আর বিশ্রামে ছিলেন কুন্দে, কুবারসি, বালদে ও ফেরান তোরেস।
প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না বার্সা। তবে বিরতির ঠিক আগে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। মাঝমাঠে বল কাড়ার পর দ্রুত আক্রমণে উঠে দূরপাল্লার বাঁকানো শটে জালের কোণে বল জড়ান তিনি। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ড আরাউহো। কর্নার থেকে ভেসে আসা বলে শক্তিশালী হেডে গোল করেন উরুগুয়ের এই ডিফেন্ডার। দীর্ঘ সময় ইনজুরিতে থাকার পর দলে ফিরে গোল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
তবে হাল ছাড়েনি আলবাসেতে। ম্যাচের শেষদিকে জাভি মোরেনোর হেডে ব্যবধান কমে ২-১ হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ মুহূর্তে ফ্রান গামেসের শট গোললাইন থেকে ক্লিয়ার করে বার্সাকে বাঁচান জেরার্ড মার্টিন। সেইসঙ্গে নিশ্চিত হয় সেমিফাইনালের টিকিট।
শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়লেও আলবাসেতের লড়াই বার্সেলোনাকে বেশ চাপে ফেলেছিল। তবু ধৈর্য, অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ মুহূর্তে কার্যকর ফুটবলের সুবাদে কাঙ্ক্ষিত ফলই তুলে নেন ফ্লিকের শিষ্যরা। এখন শিরোপার খুব কাছেই বার্সেলোনা—আর মাত্র তিন ম্যাচ দূরে আরেকটি ট্রফি।