logo
Advertisement

আল নাসরের হয়ে খেলতে অনীহা রোনালদোর

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
আল নাসরের হয়ে খেলতে অনীহা রোনালদোর

সৌদি আরবের ফুটবল অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড তার ক্লাব আল নাসরের হয়ে পরবর্তী ম্যাচে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছেন বলে জানিয়েছে পর্তুগালের ক্রীড়া দৈনিক এ বোলা। দল ব্যবস্থাপনা ও ক্লাব পরিচালনা নিয়ে অসন্তোষ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি— এমনটাই দাবি প্রতিবেদনের।

সৌদি গণমাধ্যমে প্রথমে খবর ছড়িয়েছিল, আল রিয়াদের বিপক্ষে সোমবারের ম্যাচে বিশ্রাম নিয়ে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নেবেন রোনালদো। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, বিষয়টি কেবল কৌশলগত নয়; বরং ক্লাবের বর্তমান ব্যবস্থাপনায় অসন্তুষ্ট হয়েই তিনি জার্সি গায়ে তুলতে অনিচ্ছা প্রকাশ করেছেন।

রোনালদোর অসন্তোষের কেন্দ্রে রয়েছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) অধীনে ক্লাব পরিচালনা ও দল গঠনের নীতিমালা। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর তুলনায় আল নাসরের স্কোয়াড শক্তিশালী করতে পর্যাপ্ত সংযোজন না হওয়ায় ক্ষুব্ধ তিনি। চলতি মৌসুমে দলে বড় কোনো তারকা সংযোজন হয়নি— এটিও তার বিরক্তির একটি বড় কারণ বলে জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল নাসরের ব্যবস্থাপনায় থাকা দুই পর্তুগিজ কর্মকর্তা— ক্রীড়া পরিচালক সিমাও কৌতিনিয়ো ও সিইও জোসে সেমেদোর ক্ষমতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যা রোনালদোর অসন্তোষ বাড়িয়েছে। ক্লাবের অভ্যন্তরীণ এই পরিবর্তন তার কাছে অস্থিরতার বার্তা দিচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।

ঘটনাটি সৌদি প্রো লিগের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছে। রোনালদোর মতো বিশ্বমানের তারকার প্রকাশ্য অসন্তোষ শুধু আল নাসর নয়, পুরো লিগ ব্যবস্থাপনার ওপরই চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, ক্লাব কর্তৃপক্ষ ও সৌদি ফুটবল প্রশাসন এই পরিস্থিতি সামাল দিতে কী পদক্ষেপ নেয়।