বিতর্ক থামিয়ে সৌদিতেই থাকার ঘোষণা রোনালদোর

কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার পর অবশেষে মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগ (এসপিএল) ও পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ঘিরে চলা বিতর্কের আবহে আল নাসর তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—তিনি সৌদি আরবেই থাকতে চান।
আল হাজেমের বিপক্ষে জয়ের পর ম্যাচসেরা হওয়া রোনালদো বলেন, ‘আমি সৌদি আরবেরই অংশ। আমি এখানেই থাকতে চাই। এই দেশ আমাকে, আমার পরিবার ও বন্ধুদের আপন করে নিয়েছে। আমি এখানে সুখে আছি এবং এখানেই চালিয়ে যেতে চাই।’
গত সপ্তাহে করিম বেনজেমার আল হিলালে যোগ দেওয়ার পর সৌদি ফুটবলে ক্ষমতার ভারসাম্য ও শীর্ষ লড়াই ঘিরে আলোচনা তুঙ্গে ওঠে। সেই প্রেক্ষাপটে রোনালদোর ভবিষ্যৎ নিয়েও গুঞ্জন ছড়ায়। গত গ্রীষ্মে চুক্তি নবায়নের সময় ৫০ মিলিয়ন ইউরোর একটি রিলিজ ক্লজ রাখা হয়েছিল বলে বিভিন্ন সূত্রে দাবি ওঠে, যা সক্রিয় করে মৌসুম শেষে তিনি ক্লাব ছাড়তে পারেন—এমন জল্পনাও ছিল। তবে সাম্প্রতিক বক্তব্যে সে সম্ভাবনাকে কার্যত উড়িয়ে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
মাঠের পারফরম্যান্সও যেন তার অবস্থানকে আরও দৃঢ় করছে। আল হাজেমের বিপক্ষে জোড়া গোল করে দলকে বড় জয় এনে দিয়েছেন তিনি। এর আগে আল ফাতেহর বিপক্ষেও গোল করেছিলেন। সৌদি লিগে আল নাসর আবারও শীর্ষে উঠেছে, আর রোনালদো নিজের গোলসংখ্যা বাড়িয়ে নিয়েছেন ৯৬৫–এ।
আরেকটি অনন্য মাইলফলকও ছুঁয়েছেন তিনি—৩০ বছর বয়সের পর ৫০০ গোলের রেকর্ড। ক্যারিয়ারে ১,০০০ গোলের পথে এগিয়ে চলা রোনালদোর এই ধারাবাহিকতা প্রমাণ করে, বিতর্কের বাইরে মাঠেই তিনি দিতে চান সব উত্তর।