logo

অভিনয় থেকে পেশাদার ফুটবলে ‘টেড ল্যাসো’ তারকা

অভিনয় থেকে পেশাদার ফুটবলে ‘টেড ল্যাসো’ তারকা
ক্রিস্তো ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত

বিখ্যাত অ্যাপেল টিভি প্লাস শো ‘টেড ল্যাসোর’ পর্দায় তিনি ছিলেন ডানি রোহাস, হাসিখুশি এক ফুটবলার। এবার বাস্তবেই পেশাদার ফুটবলের দুনিয়ায় ফিরলেন ক্রিস্তো ফার্নান্দেজ। জনপ্রিয় অ্যাপল টিভি প্লাস সিরিজ ‘টেড ল্যাসো’-তে অভিনয় করা এই মেক্সিকান অভিনেতা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় স্তরের ক্লাব এল পাসো লোকোমোটিভে নাম লিখিয়েছেন।

৩৫ বছর বয়সি ফার্নান্দেজ দুই মাসের ট্রায়ালের পর ইউএসএল চ্যাম্পিয়নশিপের ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন। এল পাসো লোকোমোটিভ ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ইউএসএল চ্যাম্পিয়নশিপে খেলছে।

ফার্নান্দেজের ফুটবলের সঙ্গে সম্পর্ক অবশ্য নতুন নয়। মেক্সিকোর গুয়াদালাহারায় বেড়ে ওঠা এই অভিনেতা ছোটবেলায় যুব ফুটবল খেলতেন। তবে ১৫ বছর বয়সে হাঁটুর চোটে ফুটবল ছাড়তে হয় তাকে। পরে লন্ডনে গিয়ে অভিনয়জীবন শুরু করেন। সেখান থেকেই ‘টেড ল্যাসো’-তে ডানি রোহাস চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রচারিত ‘টেড ল্যাসো’ সিরিজটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায় এবং একাধিক পুরস্কার জেতে। সেই সিরিজেই ফুটবলার চরিত্রে অভিনয় করেছিলেন ফার্নান্দেজ। এবার সেই চরিত্রের বাইরেও বাস্তব মাঠে নিজেকে প্রমাণের সুযোগ পেলেন তিনি।

চুক্তির পর ফার্নান্দেজ বলেছেন, ‘ফুটবল সব সময় আমার জীবন ও পরিচয়ের বড় অংশ ছিল। জীবন আমাকে যেখানেই নিয়ে যাক, পেশাদারভাবে খেলার স্বপ্নটা কখনও সত্যি সত্যি আমার হৃদয় থেকে হারিয়ে যায়নি।’

এ বছরের শুরুতে মেজর লিগ সকারের ক্লাব শিকাগো ফায়ারের দ্বিতীয় দলের সঙ্গেও ট্রায়াল দিয়েছিলেন ফার্নান্দেজ। শেষ পর্যন্ত সুযোগ পেলেন এল পাসো লোকোমোটিভে।

ফার্নান্দেজ আরও বলেন, ‘এল পাসো লোকোমোটিভ এফসির কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। ক্লাব, কোচ, স্টাফ এবং বিশেষ করে আমার সতীর্থরা প্রথম দিন থেকেই আমাকে সুযোগ দিয়েছে। পেশাদার ফুটবলে ফিরে আসার এই যাত্রা নিজেকে বিশ্বাস করা, ঝুঁকি নেওয়া এবং স্বপ্নের পেছনে ছুটে চলার গল্প।’

নিজের বিখ্যাত চরিত্রের মতোই রসিকতার সুরে তিনি যোগ করেন, ‘হয়তো আমি পাগলাটে স্বপ্ন দেখা এক পাগল মানুষ। তাই ‘লোকোস’-এর সঙ্গে এখানে থাকা আসলে একদম মানিয়ে যায়।’

এল পাসো লোকোমোটিভের প্রধান কোচ জুনিয়র গনজালেজও ফার্নান্দেজকে নিয়ে আশাবাদী। তিনি বলেছেন, ‘ক্রিস্তো আমাদের দলে দারুণ সংযোজন। ফরোয়ার্ড লাইনে সে আরেকটি আক্রমণাত্মক বিকল্প যোগ করবে।’