logo

রিয়াল নয়, জার্মানির অপেক্ষায় ক্লপ

রিয়াল নয়, জার্মানির অপেক্ষায় ক্লপ

রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ নিয়ে জল্পনা বাড়লেও সেই দৌড়ে নেই ইয়ুর্গেন ক্লপ। জার্মান এই কোচ আপাতত রেড বুল গ্রুপের স্পোর্টিং ডিরেক্টর হিসেবেই দায়িত্ব চালিয়ে যাবেন। ভবিষ্যতে তার বড় লক্ষ্য জার্মানি জাতীয় দলের দায়িত্ব নেওয়া।

আলভারো আরবেলোয়ার সম্ভাব্য উত্তরসূরি নিয়ে স্পেনের ফুটবল অঙ্গনে নানা নাম ঘুরছে। রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ কোচ কে হবেন, তা নিয়ে সমর্থক ও সংবাদমাধ্যমের আগ্রহও তুঙ্গে। সেই আলোচনাতেই বারবার উঠে এসেছে ক্লপের নাম। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের দাবি, ভালদেবেবাসে রিয়ালের অভ্যন্তরীণ আলোচনায় ক্লপকে বাস্তব প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়নি।

ক্লপকে রিয়াল মাদ্রিদের সঙ্গে জড়িয়ে গুঞ্জন নতুন কিছু নয়। প্রায় ১৪ বছর ধরেই সময়-সময় তার নাম বার্নাব্যুর সম্ভাব্য কোচ হিসেবে এসেছে। বরুসিয়া ডর্টমুন্ডের দায়িত্বে থাকাকালে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের বিপক্ষে তার দল দারুণ লড়াই করেছিল। সেই ডর্টমুন্ডেই ছিলেন রবার্ট লেভানডফস্কি, মার্কো রয়েস ও মারিও গোটশের মতো তারকারা। এরপর থেকেই রিয়ালের সম্ভাব্য ভবিষ্যৎ কোচ হিসেবে ক্লপের নাম বারবার আলোচনায় এসেছে।

তবে এবার পরিস্থিতি ভিন্ন। ক্লপ আপাতত ক্লাব কোচিংয়ে ফিরতে তাড়াহুড়া করছেন না। ২০২৪ সালের গ্রীষ্মে লিভারপুল ছাড়ার পর তিনি নিজেই জানিয়েছিলেন, প্রতিদিনের কোচিং চাপ থেকে বিরতি দরকার তার। শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রতিনিয়ত দল সামলানো, পরিকল্পনা তৈরি ও স্কোয়াড গঠনের চাপ তাকে ক্লান্ত করেছিল। সেই অবস্থান এখনও বদলায়নি।

জার্মানি জাতীয় দলের দায়িত্বই এখন ক্লপের দীর্ঘমেয়াদি লক্ষ্য বলে জানিয়েছে এএস। তবে বর্তমান কোচ জুলিয়ান নাগেলসমানের কাজের প্রতি তার যথেষ্ট সম্মান আছে। তাই তিনি কোনো তাড়াহুড়ো করছেন না। সুযোগ এলে ভবিষ্যতে জার্মানির দায়িত্ব নেওয়ার ভাবনা থাকলেও আপাতত রেড বুল গ্রুপের স্পোর্টিং ডিরেক্টর হিসেবেই কাজ চালিয়ে যাবেন সাবেক লিভারপুল ও ডর্টমুন্ড কোচ।

অন্যদিকে রিয়াল মাদ্রিদও নতুন কোচ বাছাইয়ে সময় নিতে চায়। অতীতেও এমন উদাহরণ আছে। ২০২১ সালে জিনেদিন জিদান দায়িত্ব ছাড়ার পর কার্লো আনচেলত্তিকে ফেরানোর সিদ্ধান্ত নিতে কয়েক সপ্তাহ সময় নিয়েছিল ক্লাবটি। এবারও দ্রুত সিদ্ধান্তের চাপে পড়তে চাইছে না মাদ্রিদের ক্লাবটি।

সব মিলিয়ে ক্লপের নাম আলোচনায় থাকলেও বাস্তবতা ভিন্ন। রিয়াল মাদ্রিদ তাকে এবার কোচের প্রার্থী হিসেবে ভাবছে না, আর ক্লপও আপাতত ক্লাব ফুটবলের ডাগআউটে ফেরার পথে হাঁটছেন না।