নেইমারের জাতীয় দলে ফেরা নিয়ে মত দিলেন ব্রাজিল প্রেসিডেন্ট

ব্রাজিল জাতীয় দলে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে সরাসরি মতামত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে আলোচনার একটি অংশ তুলে ধরে তিনি জানিয়েছেন, নেইমারকে দলে নেওয়ার আগে কয়েকটি বিষয়কে গুরুত্ব দেওয়া জরুরি।
এক সাক্ষাৎকারে লুলা বলেন, আনচেলত্তি তাকে সরাসরি প্রশ্ন করেছিলেন যে নেইমারকে দলে ডাক দেওয়া উচিত কি না। সেই প্রশ্নের উত্তরে তিনি প্রথমেই ফিটনেসের বিষয়টি সামনে আনেন।
লুলার ভাষায়, একজন খেলোয়াড়ের প্রতিভা থাকলেই হবে না, তাকে শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। নেইমারের ক্ষেত্রে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত বলে মনে করেন তিনি।
তবে শুধু ফিটনেস নয়, খেলোয়াড়ের মানসিক প্রস্তুতিও সমান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ব্রাজিল প্রেসিডেন্ট। তার মতে, জাতীয় দলে খেলতে হলে নেইমারের নিজের মধ্যেই সেই ইচ্ছা ও পেশাদারিত্ব থাকতে হবে।
লুলা বলেন, নেইমার এখনো এমন বয়সে আছেন যেখানে তিনি দলকে অনেক কিছু দিতে পারেন। কিন্তু শুধু তার নাম বা অতীত সাফল্যের ওপর নির্ভর করে দলে জায়গা পাওয়া উচিত নয়। মাঠের পারফরম্যান্সই হতে হবে মূল মানদণ্ড।
বিশ্ব ফুটবলের শীর্ষ তারকাদের উদাহরণ টেনে তিনি বলেন, ধারাবাহিকতা ও পেশাদার মানসিকতাই একজন খেলোয়াড়কে দীর্ঘ সময় শীর্ষে রাখে। সেই পথেই হাঁটতে হবে নেইমারকে, যদি তিনি আবার জাতীয় দলে ফিরতে চান।