চেলসির নতুন কোচ হতে যাচ্ছেন জাবি আলোনসো

অস্থির এক মৌসুমের পর নতুন কোচ চূড়ান্ত করার পথে ইংলিশ জায়ান্ট চেলসি। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জাবি আলোনসোর সঙ্গে চুক্তি করার পথে ব্লুজরা বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। চার বছরের চুক্তিতে চেলসির পরবর্তী স্থায়ী কোচ হতে যাচ্ছেন এই স্প্যানিয়ার্ড। আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী কয়েক দিনের মধ্যেই।
গত মাসে লিয়াম রোজেনিয়রকে বরখাস্ত করার পর থেকেই নতুন কোচ খুঁজছিল চেলসি। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ছিলেন বোর্নমাউথের আন্দোনি ইরাওলা, ফুলহামের মার্কো সিলভা ও ক্রিস্টাল প্যালেসের অলিভার গ্লাসনার। তবে শেষ পর্যন্ত আলোনসোকেই পছন্দের প্রার্থী হিসেবে বেছে নেয় চেলসি। কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনার পর দুইপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।
🚨 BREAKING: Xabi Alonso has accepted to become Chelsea next manager, HERE WE GO! 🔵🔜
— Fabrizio Romano (@FabrizioRomano) May 16, 2026
The agreement is set to be completed.#CFC prepare official announcement for the upcoming days, but Xabi said YES. 💣 pic.twitter.com/NsoyoQGvy9
চেলসি এফএ কাপ ফাইনাল শেষ হওয়ার আগে নিয়োগের বিষয়টি প্রকাশ্যে আনতে চায়নি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনাল শেষে এখন আলোনসোর নিয়োগ আনুষ্ঠানিক করার পথ পরিষ্কার হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট কিছু নিশ্চয়তা পাওয়ার পর চেলসির দায়িত্ব নিতে আগ্রহী হন স্প্যানিশ কোচ।
৪৪ বছর বয়সি আলোনসো জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে কাজের বাইরে আছেন। গত গ্রীষ্মে কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে রিয়ালে যোগ দিলেও বার্নাব্যুতে তার অধ্যায় দীর্ঘ হয়নি। আট মাসেরও কম সময় দায়িত্বে থেকে জানুয়ারিতে রিয়াল ছাড়েন তিনি।
তবে কোচ হিসেবে আলোনসোর সবচেয়ে উজ্জ্বল সময় ছিল বায়ার লেভারকুসেনে। ২০২২ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর দলটিকে অবনমন অঞ্চল থেকে তুলে এনে বুন্দেসলিগায় ষষ্ঠ স্থানে শেষ করান। পরের মৌসুমেই লেভারকুসেনকে এনে দেন ক্লাব ইতিহাসের প্রথম বুন্দেসলিগা শিরোপা, তাও অপরাজিত থেকে। একই মৌসুমে জার্মান কাপ জিতে ঘরোয়া ডাবলও পূর্ণ করে তাঁর দল।
চেলসিতে আলোনসোর সামনে কাজটা সহজ হবে না। চলতি মৌসুমে দুই স্থায়ী কোচ ক্লাব ছেড়েছেন। খেলোয়াড়দের মানসিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। মার্ক কুকুরেয়া ও এনজো ফার্নান্দেজ নিজেদের ভাষায় দেওয়া সাক্ষাৎকারে ক্লাবের প্রকল্প নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চেলসি কর্তৃপক্ষের আশা, খেলোয়াড়ি জীবনের মর্যাদা, ব্যক্তিত্ব ও কৌশলগত দক্ষতা দিয়ে আলোনসো দলটিকে আবার প্রত্যাশিত মানে ফেরাতে পারবেন। ক্লাবের লক্ষ্য চ্যাম্পিয়নস লিগে ফেরা এবং শিরোপা জয়ের প্রতিযোগিতায় নিয়মিত হওয়া। তবে কাজটি শুরু করতে হতে পারে ইউরোপিয়ান ফুটবল ছাড়াই। প্রিমিয়ার লিগে চেলসি এখন নবম স্থানে, আর এফএ কাপ জিতে ইউরোপা লিগে যাওয়ার সুযোগও হাতছাড়া হয়েছে।
খেলোয়াড়ি জীবনে বিশ্বকাপ, ইউরো ও চ্যাম্পিয়নস লিগজয়ী আলোনসো কোচিং ক্যারিয়ার শুরু করেন ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৪ দলের দায়িত্ব নিয়ে। এরপর রিয়াল সোসিয়েদের বি দলে তিন বছর কাজ করে লেভারকুসেনের মূল দলের দায়িত্ব পান। অল্প সময়েই নিজেকে ইউরোপের সবচেয়ে আলোচিত তরুণ কোচদের একজন হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি।
নসো।
