Advertisement

আরেকটি দেশের সমর্থন হারালেন ইনফান্তিনো

এশিয়া পোস্ট স্পোর্টস
আরেকটি দেশের সমর্থন হারালেন ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: গেটি ইমেজ

চতুর্থ মেয়াদে ফিফা সভাপতি হতে চাওয়া জিয়ান্নি ইনফান্তিনোর সমর্থন আরও কমল। আঞ্চলিক সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের তুলনামূলক নমনীয় অবস্থানের বাইরে গিয়ে ইনফান্তিনোকে সমর্থন না করার সিদ্ধান্ত জানিয়েছে নিউজিল্যান্ড ফুটবল।

Advertisement

শুক্রবার এক বিবৃতিতে নিউজিল্যান্ড ফুটবল জানিয়েছে, ২০২৭ সালের ফিফা কংগ্রেসে সভাপতি পদে ইনফান্তিনোর প্রার্থিতার প্রতি দেওয়া সমর্থন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে তারা। একই সঙ্গে বিতর্কিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্প তৈরির পুরো প্রক্রিয়া স্বাধীনভাবে পর্যালোচনার দাবি জানিয়েছে সংস্থাটি।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিল ফিফা। প্রবল বিরোধিতার মুখে প্রস্তাবটি প্রত্যাহার করে নেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে এ ঘটনাকে কেন্দ্র করে ইনফান্তিনোর নেতৃত্ব ও ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

নিউজিল্যান্ড ফুটবলের বিবৃতিতে বলা হয়েছে, ‘বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনার পর নিউজিল্যান্ড ফুটবলের মনে হয়েছে, ফিফার বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড আন্তর্জাতিক ফুটবলে আস্থার সংকট এবং বিভাজন বাড়িয়েছে। আত্মবিশ্বাস ও আস্থা ফেরাতে একটি স্বাধীন পর্যালোচনা প্রয়োজন।’

ফিফার সদস্য দেশগুলোর প্রতি আরও শক্তিশালী প্রশাসন, জবাবদিহি ও স্বচ্ছতার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বানও জানিয়েছে নিউজিল্যান্ড। তাদের মতে, বিশ্ব ফুটবলের প্রশাসনের ওপর আস্থা ধরে রাখতে এই তিনটি বিষয় অপরিহার্য।

নিউজিল্যান্ড ফুটবলের প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্র্যাগনেল বলেন, ‘আমরা স্বাধীন পর্যালোচনার দাবি জানিয়েছি। কারণ আমরা চাই না, এটি ফিফার অভ্যন্তরীণ কোনো দায়সারা পর্যালোচনায় শেষ হোক। অন্য কয়েকটি কনফেডারেশনও একই দাবি জানিয়েছে। এতে হারিয়ে যাওয়া কিছু আস্থা ফিরতে পারে।’

এর আগে ইউরোপের উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কনকাকাফ ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে। ইংল্যান্ড, ওয়েলস, নরওয়ে, আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডসহ কয়েকটি দেশও তার পুনর্নির্বাচনের বিরোধিতা করেছে।

অন্যদিকে আফ্রিকান ফুটবল কনফেডারেশন ও দক্ষিণ আমেরিকার কনমেবল ইনফান্তিনোর পাশেই রয়েছে।

নিউজিল্যান্ডের আঞ্চলিক সংস্থা ওএফসি এখনো ইনফান্তিনোর প্রতি সমর্থন দেওয়া বা প্রত্যাহারের ঘোষণা দেয়নি। বরং বিতর্কিত প্রস্তাব সরিয়ে নেওয়ায় ফিফাকে স্বাগত জানিয়েছে তারা। গত এক দশকে ফিফার নেতৃত্বে ওশেনিয়ায় ফুটবল উন্নয়নের অগ্রগতির কথাও উল্লেখ করেছে সংস্থাটি।

তবে সুশাসন, স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছে ওএফসি। পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তন চিহ্নিত ও বাস্তবায়নের পরামর্শও দিয়েছে তারা।

ওএফসির ১১টি সদস্য দেশের মধ্যে শুধু নিউজিল্যান্ডই ২০২৬ বিশ্বকাপে জায়গা পেয়েছিল। এবার আঞ্চলিক সংস্থাটির অবস্থানের বাইরে গিয়ে ইনফান্তিনোর বিপক্ষে দাঁড়াল দেশটি। ২০২৭ সালের মার্চে ফিফা সভাপতি নির্বাচনে জয় পেতে অন্তত ১০৬টি ভোট প্রয়োজন হবে ইনফান্তিনোর।

আরেকটি দেশের সমর্থন হারালেন ইনফান্তিনো