logo

রোনালদোর রেকর্ডের আরও কাছে হ্যারি কেইন

রোনালদোর রেকর্ডের আরও কাছে হ্যারি কেইন
হ্যারি কেইন। ছবি: গেটি ইমেজ

চ্যাম্পিয়ন্স লিগে গোলের পর গোল করে চলেছেন হ্যারি কেইন। এবার চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি অনন্য রেকর্ডের আরও কাছে পৌঁছে গেলেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার। নরওয়ের ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোল করে টানা ৯ ম্যাচে জালের দেখা পাওয়ার কীর্তি গড়েছেন তিনি। আর দুই ম্যাচে গোল করলেই ছুঁয়ে ফেলবেন পর্তুগিজ মহাতারকার রেকর্ড।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে চ্যাম্পিয়ন্স লিগে ভাইকিংয়ের মাঠে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও কেইনের জোড়া গোলে সমতায় ফেরে জার্মান ক্লাবটি। এরপর লুইস দিয়াজের গোলে এগিয়েও যায় তারা। তবে শেষ মুহূর্তে গোল হজম করায় জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ভিনসেন্ট কোম্পানির দল।

দল জয় না পেলেও ব্যক্তিগত অর্জনে ঠিকই উজ্জ্বল ছিলেন কেইন। এই ম্যাচে জোড়া গোল করে চ্যাম্পিয়ন্স লিগে টানা ৯ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। তার আগে মাত্র তিনজন ফুটবলার এই কীর্তি গড়তে পেরেছিলেন।

কেইনের আগে টানা ৯ ম্যাচে গোল করেছিলেন রুদ ফন নিস্টলরয় ও রবার্ট লেভানডফস্কি। ডাচ কিংবদন্তি নিস্টলরয় ২০০২-০৩ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই কীর্তি গড়েন। আর বায়ার্নের সাবেক তারকা লেভানডফস্কি টানা ৯ ম্যাচে গোল করার নজির গড়েছেন দুবার। প্রথমবার ২০১৯-২০ মৌসুমে, পরে ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের নভেম্বরের মধ্যে।

তবে এই তালিকায় সবার ওপরে ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের টানা ১১ ম্যাচে গোল করেছিলেন তিনি।

সেই যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে জোড়া গোল দিয়ে। এরপর ২০১৭-১৮ মৌসুমের গ্রুপ পর্বের ছয় ম্যাচের প্রতিটিতেই গোল করেন রোনালদো। শেষ ষোলোয় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে দুই লেগের প্রতিটি ম্যাচেও গোল করে রেকর্ডটি গড়েন পর্তুগিজ তারকা।

ওই ১১ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ছিল ১৭। চ্যাম্পিয়ন্স লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ড এখনো তাঁর দখলেই রয়েছে।

ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোল করে রোনালদোর পর এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কেইন। বায়ার্নের পরবর্তী দুই চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেও গোল করতে পারলে রোনালদোর রেকর্ডে ভাগ বসাবেন তিনি। আর টানা তিন ম্যাচে জালের দেখা পেলে রেকর্ডটি নিজের করে নেবেন।

২০২৩ সালে টটেনহাম ছেড়ে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ছন্দে আছেন কেইন। ইউরোপের এই প্রতিযোগিতায় তার মোট গোল এখন ৫৫টি। এর মধ্যে টটেনহামের হয়ে ২১টি এবং বায়ার্নের জার্সিতে ৩৪টি।

চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় বর্তমানে দশম স্থানে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক।