logo

মেসিকে ডক্টরেট দিচ্ছে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়

মেসিকে ডক্টরেট দিচ্ছে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়
লিওনেল মেসি। ছবি: গেটি ইমেজ

আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার দিনেই লিওনেল মেসির হাতে উঠবে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানসূচক উপাধি। ফুটবলে তার অর্জন ও দেশের প্রতিনিধিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিষদ সর্বসম্মতভাবে সিদ্ধান্তটি অনুমোদন করেছে। ‘ডক্টর অনারিস কাউসা’ নামের এই সম্মান আগামী ৬ অক্টোবর মেসির হাতে তুলে দেওয়ার কথা। সেদিন বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলকে বিদায় জানাবেন আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচের আগেই তাকে সম্মানিত করা হবে।

মেসিকে এই উপাধি দেওয়ার পেছনে শুধু তার ফুটবল সাফল্যকে বিবেচনায় নেয়নি বিশ্ববিদ্যালয়। সিদ্ধান্তের ব্যাখ্যায় তার উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় ও পেশাগত নৈতিকতার পাশাপাশি দেশের প্রতিনিধিত্বের প্রতি দায়বদ্ধতার কথাও তুলে ধরা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্দো গেলপি জানিয়েছেন, মেসির পরিসংখ্যান ও খেলোয়াড়ি অর্জনের বাইরেও তার ব্যক্তিত্বকে স্বীকৃতি দিতে চান তারা। তার ভাষায়, ‘আমরা একজন বিনয়ী ও অধ্যবসায়ী মানুষকেও স্বীকৃতি দিতে চাই।’

গেলপির মতে, মেসি আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের দূত। খেলাধুলার মাধ্যমে পাওয়া সাফল্য এবং মাঠের বাইরেও তার প্রভাব এই সম্মান দেওয়ার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর এমিলিয়ানো ইয়াকোবিত্তিও বলেছেন, মেসি সাহস ও মর্যাদার সঙ্গে আর্জেন্টিনার জার্সির প্রতিনিধিত্ব করেছেন। তিনি বলেন, ‘এটি তার ফুটবল ক্যারিয়ারকে ছাড়িয়ে যাওয়া এক স্বীকৃতি।’ আর্জেন্টিনার সমাজের পক্ষ থেকে মেসিকে সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই এই উদ্যোগ বলে উল্লেখ করেছেন তিনি।

জাতীয় দলের হয়ে দুই দশকের বেশি সময়ের পথচলায় মেসি আর্জেন্টিনাকে এনে দিয়েছেন ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপের শিরোপা। তার নেতৃত্বে এবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলের সেই দীর্ঘ অধ্যায়ের ইতি টানবেন ৩৯ বছর বয়সী এই তারকা।