ফিফা র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের হারের পর ফিফা র্যাংকিংয়েও ধাক্কা খেল বাংলাদেশ। নতুন প্রকাশিত তালিকায় এক ধাপ নিচে নেমে এখন ১৮১ নম্বরে অবস্থান করছে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের দল।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জয়ের সুফল পেয়েছে ভিয়েতনাম। পাঁচ ধাপ এগিয়ে তারা উঠে এসেছে ১০৩ নম্বরে।
মার্চের হালনাগাদ র্যাংকিংয়ে শুধু বাংলাদেশ নয়, পরিবর্তন দেখা গেছে শীর্ষ সারিতেও। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক ধাপ পিছিয়ে এখন তিন নম্বরে। মৌরিতানিয়ার বিপক্ষে জয় পেলেও পয়েন্ট তেমন বাড়েনি লিওনেল মেসিদের। সুযোগটা কাজে লাগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফ্রান্স, যারা সম্প্রতি ব্রাজিলকে হারিয়েছে।
তালিকার শীর্ষে কোনো পরিবর্তন হয়নি—স্পেন আগের মতোই এক নম্বর অবস্থানে রয়েছে। ইংল্যান্ডও চার নম্বরে নিজের জায়গা ধরে রেখেছে।
অন্যদিকে এগিয়েছে পর্তুগাল ও নেদারল্যান্ডস। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এক ধাপ উঠে এখন পাঁচ নম্বরে, আর নেদারল্যান্ডস ছয়ে। এই উত্থানের পেছনে বড় কারণ ব্রাজিলের পতন। ফ্রান্সের কাছে হেরে দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
র্যাংকিংয়ের ৮ থেকে ১১ নম্বর পর্যন্ত অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। মরক্কো, বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া যথাক্রমে এই স্থানগুলো ধরে রেখেছে।
এদিকে ইতালি এক ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছে। যদিও এখনো বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৩১ মার্চ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে তাদের জন্য অপেক্ষা করছে গুরুত্বপূর্ণ ম্যাচ, যা নির্ধারণ করবে বিশ্বকাপে তাদের ভাগ্য।