মেসির ছেলের গায়ে কোমোর জার্সি দেখে আবেগাপ্লুত নিকো পাজ

আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে নিকো পাজের। তবে এবার মেসির পরিবারের একটি ছবি অন্যরকম আনন্দ দিয়েছে তরুণ এই ফুটবলারকে। বাবা মেসির কোলে বসে ইতালিয়ান ক্লাব কোমোর জার্সি পরেছে তার ছোট ছেলে সিরো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোমোর আর্জেন্টাইন মিডফিল্ডার পাজ। তার কাছে বিষয়টি সম্মানের।
সম্প্রতি ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি প্রকাশ করেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। সেখানে একটি ছবিতে দেখা যায়, বাবার কোলে বসে আছে আট বছর বয়সী সিরো। তার গায়ে কোমোর জার্সি। ইতালিয়ান ক্লাবটির সঙ্গে মেসির পরিবারের এমন যোগসূত্র নজর কাড়ে ফুটবলপ্রেমীদের।
মঙ্গলবার (২০ অক্টোবর) ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে স্কাই স্পোর্ট ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ছবিটি নিয়ে প্রশ্ন করা হয় কোমোর ২২ বছর বয়সী তারকা নিকো পাজকে। জবাবে তিনি বলেন, ‘ইতিহাসের সেরা ফুটবলারের ছেলে আমাদের দলের জার্সি পরেছে, এটা অনেক সম্মানের। এর অর্থ, আমরা ভালো কিছু করছি।’
নিজের দলের সাম্প্রতিক উন্নতির কথাও তুলে ধরেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। তার ভাষায়, ‘আমরা ধীরে ধীরে অনেক ভালো একটি দল হয়ে উঠছি। তিন বছর আগের তুলনায় এখন অনেক এগিয়েছি। প্রতিদিনই উন্নতি করছি। মেসির ছেলেকে আমাদের দলের জার্সিতে দেখতে পাওয়াটা আনন্দের ও সম্মানের।’
তবে সিরোর গায়ে কোমোর জার্সি থাকার পেছনে রয়েছে মেসির পুরোনো বন্ধু সেস ফ্যাব্রেগাসের ভূমিকা। বর্তমানে ইতালিয়ান ক্লাবটির কোচের দায়িত্বে থাকা সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডারই জার্সিটি উপহার দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ফ্যাব্রেগাস বলেন, ‘জার্সিটা আমিই উপহার দিয়েছি। আমাদের দুই পরিবারের মধ্যে বহু বছরের বন্ধুত্ব। মেসির পরিবারকে আমি অনেক কোমোর জার্সি পাঠিয়েছি।’
শুধু তাই নয়, সিরোর পরা জার্সিটির পেছনে ফ্যাব্রেগাসের নাম ও তার পুরোনো ৪ নম্বর লেখা রয়েছে বলেও জানিয়েছেন কোমোর কোচ। এতে স্পষ্ট হয়েছে, সিরোর পরা জার্সিটি নিকো পাজের নয়, ফ্যাব্রেগাসের নাম ও নম্বরসংবলিত।
বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়া থেকে মেসি ও ফ্যাব্রেগাসের বন্ধুত্বের শুরু। পরবর্তী সময়ে বার্সেলোনার মূল দলেও একসঙ্গে খেলেছেন দুজন। মাঠের সেই সম্পর্ক এখনো দুই পরিবারের মধ্যে অটুট রয়েছে।
এদিকে কোমোর হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার পাজ। গত বুধবার (২১ অক্টোবর) চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেন তিনি।
দুর্দান্ত সেই পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার স্বীকৃতিও পেয়েছেন পাজ। চ্যাম্পিয়নস লিগে প্রথমবার অংশ নেওয়া কোমো তিন ম্যাচে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে।

