দুই পেনাল্টিতে সেভিয়ার নাটকীয় জয়, আলাভেসের গোল উৎসব

লা লিগার নতুন মৌসুমের প্রথম দিনেই দেখা গেল রোমাঞ্চ আর নাটকীয়তা। পিছিয়ে পরেও দুই পেনাল্টিতে রায়ো ভায়েকানোকে ২-১ গোলে হারিয়েছে সেভিয়া। অন্য ম্যাচে ১০ জনের হেতাফেকে ৩-০ গোলে উরিয়ে দিয়েছে দেপোর্তিভো আলাভেস।
ঘরের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পরে সেভিয়া। আরুনা সাঙ্গান্তের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে রায়োকে এগিয়ে দেন আলভারো গার্সিয়া।
প্রথমার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল সেভিয়া। আইজ্যাক রোমেরোর সঙ্গে রায়ো গোলরক্ষক অগুস্তো বাতাইয়ার সংঘর্ষের পর পেনাল্টি দিয়েছিলেন রেফারি। তবে ভিডিও সহকারী রেফারির পরামর্শে সিদ্ধান্তটি বাতিল করা হয়।
দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে আর রক্ষা পায়নি রায়ো। নিজেদের বক্সে মিগেল সিয়েরাকে ফাউল করেন গার্সিয়া। পেনাল্টি থেকে গোল করে সেভিয়াকে সমতায় ফেরান জন গুরিদি।
৮৮ মিনিটে বিপজ্জনক ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন সেভিয়ার কিকে সালাস। একজন কম নিয়ে খেলতে থাকা স্বাগতিকদের ম্যাচটি ড্র মেনেই শেষ করতে হবে বলে মনে হচ্ছিল। তবে যোগ করা সময়ে রবি ইউরেকে ফাউল করে পেনাল্টি উপহার দেন রায়োর ফ্লোরিয়ান লেজুন। স্পটকিক থেকে গোল করে সেভিয়াকে ২-১ ব্যবধানের নাটকীয় জয় এনে দেন জেরার্ড ফার্নান্দেজ।
দিনের অন্য ম্যাচে হেতাফেকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে আলাভেস। ৪২ মিনিটে বিপজ্জনক ফাউলের কারণে কিকো ফেমেনিয়া লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় হেতাফে।
সংখ্যায় এগিয়ে থেকেও প্রথমদিকে গোলের দেখা পাচ্ছিল না আলাভেস। বদলি হিসেবে নামা মারিয়ানো দিয়াজের পাস থেকে ৭৩ মিনিটে জট খোলেন ফাকুন্দো তেনাগলিয়া।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন মারিয়ানো। দুই মিনিট পর তারই পাস থেকে মিকেল রদ্রিগেজ গোল করলে ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় আলাভেসের।



