logo

মেসির জাদুর পরও শেষ মুহূর্তে মায়ামির হার

মেসির জাদুর পরও শেষ মুহূর্তে মায়ামির হার
লিওনেল মেসি। ছবি: এএফপি

লিওনেল মেসির পায়ের জাদুতে সমতায় ফিরেছিল ইন্টার মায়ামি। কিন্তু শেষ পর্যন্ত সেই গোলও কাজে এল না। যোগ করা সময়ের একেবারে শেষ দিকে গোল হজম করে কলম্বাস ক্রুর মাঠে ২-১ ব্যবধানে হেরেছে মায়ামি।

রোববার মেজর লিগ সকারের ম্যাচে ২৮ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিক কলম্বাসকে এগিয়ে দেন মায়ামির সাবেক ফরোয়ার্ড জোসেফ মার্তিনেজ। কর্নার থেকে আসা বলে ইয়ানিক ব্রাইটের ফাউলে পেনাল্টি পেয়েছিল কলম্বাস।

পিছিয়ে পড়ার পাঁচ মিনিটের মধ্যেই জবাব দেন মেসি। ডান দিক থেকে পাওয়া ফ্রি-কিকে দুর্দান্ত বাঁকানো শটে গোলরক্ষক প্যাট্রিক শুল্টেকে পরাস্ত করেন আর্জেন্টাইন তারকা। প্রথমার্ধে সেটিই ছিল মায়ামির একমাত্র শট। চলতি এমএলএসের নিয়মিত মৌসুমে এটি মেসির ২১তম গোল। ১৩টি অ্যাসিস্টও আছে তার।

দ্বিতীয়ার্ধে মায়ামিকে এগিয়ে নেওয়ার কাছাকাছিও গিয়েছিলেন মেসি। ৬২ মিনিটে তাঁর শট ঠেকিয়ে দেন শুল্টে। এরপর বদলি ডেভিড আয়ালা বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। অন্যদিকে কলম্বাসের আনাস জারুরি দুবার পোস্টে বল মারেন।

ম্যাচ যখন ১-১ সমতায় শেষ হওয়ার পথে, তখনই নাটক। যোগ করা সময়ের অষ্টম মিনিটে ব্রাইস মেন্দেসের বাঁকানো শট পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি মায়ামির গোলরক্ষক রকো রিওস নভো। ফিরতি বল পেয়ে কাছ থেকে জালে পাঠান বদলি জামাল থিয়ারে।

এর কিছুক্ষণ আগেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির সান্তিয়াগো মোরালেস। শেষ পর্যন্ত আর ফেরার সুযোগ পায়নি মেসির দল।

এই হার ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে ওঠার লড়াইয়েও বড় ধাক্কা মায়ামির। সাত ম্যাচ বাকি থাকতে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে তারা। অন্যদিকে জয়টি প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে কলম্বাসের।