আফকনের শিরোপা বদলের ঘটনায় নতুন বিতর্ক
-1775834287-11278_1775834522.webp)
আফ্রিকা কাপ অব নেশনসের মরক্কো-সেনেগাল ফাইনাল ঘিরে বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। বরং সিএএফ সভাপতি প্যাট্রিস মোটসেপের সাম্প্রতিক মন্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠছে পুরো ঘটনাটি নিয়ে।
জানুয়ারিতে রাবাতে অনুষ্ঠিত সেই ফাইনালে ঘটে একাধিক অস্বাভাবিক ঘটনা। ম্যাচ চলাকালে সেনেগাল দল কিছু সময়ের জন্য মাঠ ছেড়ে বাইরে চলে গেলেও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনাই পরে বড় বিতর্ক তৈরি করে।
শেষ পর্যন্ত সেনেগালের শিরোপা বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে সিএএফ। বিষয়টি এখন আন্তর্জাতিক ক্রীড়া সালিশি আদালতে বিচারাধীন।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি জবাব এড়িয়ে যান মোটসেপে। বিশেষ করে রেফারির ওপর কোনো ধরনের নির্দেশনা বা চাপ দেওয়া হয়েছিল কি না, সে প্রশ্নে তিনি স্পষ্ট কিছু বলেননি।
তার বদলে বিষয়টি সাধারণ সম্পাদকের দিকে ঠেলে দেন, যিনি কেবল চলমান প্রক্রিয়ার কথা উল্লেখ করেন। তবে অভিযোগগুলো সরাসরি অস্বীকার না করায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
পুরো ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন এখন রেফারিং প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। মরক্কোর পক্ষ থেকে আগেই হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়েছিল। সিএএফের সর্বোচ্চ পর্যায় থেকে পরিষ্কার ব্যাখ্যা না আসায় সে অভিযোগই এখন আরও জোরালো হয়ে উঠছে।