ঘোষণা দিয়েও ভোজিনিয়াকে পাচ্ছে না কোলো-কোলো

বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে আলো ছড়ানো গোলরক্ষক ভোজিনিয়াকে ঘিরে তৈরি হয়েছে দলবদলের নাটক। চিলির ক্লাব কোলো-কোলো আনুষ্ঠানিকভাবে তার যোগ দেওয়ার ঘোষণা দিলেও এখনো দেশটিতে পৌঁছাননি তিনি। এর মধ্যেই মরক্কোর ক্লাব আরএস বারকানের প্রস্তাবে অনিশ্চিত হয়ে পড়েছে চুক্তিটি।
পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব জিডি শাভেসের সঙ্গে ভোজিনিয়ার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ফলে বর্তমানে তিনি চুক্তি মুক্ত ফুটবলার। সবকিছু ঠিক থাকলে গত ৩০ জুলাই চিলিতে পৌঁছে কোলো-কোলোর সঙ্গে চুক্তি সই করার কথা ছিল তার।
ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্ধারিত সময়ে চিলিতে যাননি ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। এখন পর্যন্ত আনুষ্ঠানিক চুক্তিতেও সই করেননি। এই সুযোগে তাকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে মরক্কোর আরএস বারকানে।
ভোজিনিয়ার সিদ্ধান্ত বদলে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারেন বারকানের কোচ বুবিস্তা। ২০২৬ বিশ্বকাপে তার অধীনেই খেলেছে কেপ ভার্দে। জাতীয় দলের সাবেক কোচের সঙ্গে ভোজিনিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই কোলো-কোলোর পরিবর্তে মরক্কোর ক্লাবটিকে বেছে নিতে পারেন তিনি।
বিশ্বকাপে কেপ ভার্দের গোলপোস্টের নিচে নজর কেড়েছিলেন ভোজিনিয়া। লিওনেল মেসির ফ্রি-কিক ঠেকানোসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভের কারণে দলটির অন্যতম আলোচিত খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। বিশ্বকাপের সেই পারফরম্যান্সের পরই তাকে দলে নেওয়ার উদ্যোগ নেয় কোলো-কোলো।
চিলির ক্লাবটি অবশ্য এখনো চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদী। এক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজিনিয়াকে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছিল তারা। তবে গোলরক্ষক চিলিতে পৌঁছে চুক্তিতে সই না করা পর্যন্ত তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
.png)

