ট্রাম্পের মন্তব্যের পর বিশ্বকাপ নিয়ে ইরানের কড়া বার্তা

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। দলটি বলেছে, কোনো ব্যক্তি বা দেশ ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইরানের জাতীয় দল জানায়, বিশ্বকাপ একটি আন্তর্জাতিক আয়োজন এবং এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা-কোনো ব্যক্তি বা দেশ নয়।
ইনস্টাগ্রামে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক আন্তর্জাতিক টুর্নামেন্ট। এটি পরিচালনা করে ফিফা, কোনো ব্যক্তি বা দেশ নয়। ইরানের জাতীয় দল নিজেদের শক্তি ও ধারাবাহিক জয়ের মাধ্যমে এই টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘নিশ্চয়ই কেউ ইরানের জাতীয় দলকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না। বরং এমন কোনো দেশই বাদ পড়তে পারে, যারা আয়োজক হয়েও অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ।’
এর আগে বৃহস্পতিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ইরান বিশ্বকাপে খেলতে চাইলে তাদের স্বাগত জানানো হবে, তবে তিনি মনে করেন তাদের অংশগ্রহণ ‘উপযুক্ত নয়’ এবং এতে খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
এই মন্তব্যের আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি আশ্বাস পেয়েছেন যে ইরান বিশ্বকাপে অংশ নিতে পারবে।
আগামী ২০২৬ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে। ইরান ইতোমধ্যে বাছাইপর্ব পেরিয়ে টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করেছে। তাদের গ্রুপপর্বের ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে। সেই পরিস্থিতিতে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের হামলার পর বর্তমান পরিস্থিতিতে ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া “সম্ভব নয়”।