ব্রাজিল দলে ফিরতে পারেন থিয়াগো সিলভা

বিশ্বকাপের আগে ব্রাজিল দল অনেকটাই নিশ্চিত আনচেলত্তির। তবে নিশ্চিত হলেও চমক যে থাকবে না তা নয়। আর সেই চমকের নাম হতে পারে থিয়াগো সিলভা। ৪১ বছর বয়সেও অভিজ্ঞ এই ডিফেন্ডারকে ফের দলে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি কোচ কার্লো আনচেলত্তি।
২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর আর জাতীয় দলে দেখা যায়নি সিলভাকে। তবে নতুন করে তার নাম আলোচনায় এনেছেন আনচেলত্তি নিজেই।
ফরাসি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিল কোচ বলেন, ‘আমি কখনোই পাসপোর্টের বয়স দেখি না। যে কেউ ভালো খেললে দলে আসার সুযোগ পাবে। ৪১ বছর হলেও সমস্যা নেই, যদি সে যোগ্য হয়।’
সিলভার সাম্প্রতিক পারফরম্যান্সই তাকে আবার আলোচনায় এনেছে। চলতি বছরের জানুয়ারিতে পোর্তোতে যোগ দেওয়ার পর নিয়মিত খেলছেন তিনি। মাঠে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব এখনও চোখে পড়ার মতো।
আনচেলত্তি মনে করেন, আধুনিক ফুটবলে বয়সের চেয়ে ফিটনেস ও পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন পাওলো মালদিনি ও লুকা মদরিচের মতো খেলোয়াড়দের, যারা বয়স বাড়ার পরও সর্বোচ্চ পর্যায়ে নিজেদের ধরে রেখেছেন।
তিনি বলেন,‘মালদিনি প্রায় ৩৯ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। মদরিচ এখনও ৪০ বছর বয়সে খেলছে। তাই বয়স কখনোই আসল বিষয় নয়।’
শুধু বর্তমান নয়, ভবিষ্যত নিয়েও সিলভাকে নিয়ে আশাবাদী আনচেলত্তি। তার মতে, খেলোয়াড়ি জীবন শেষ হলেও কোচ হিসেবে সফল হওয়ার সব গুণই আছে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের মধ্যে।
‘থিয়াগো এক দিন খুব ভালো কোচ হবে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তার অভিজ্ঞতা আছে, খেলার প্রতি বোঝাপড়া আছে, আর সে কঠোর পরিশ্রমী,’ বলেন তিনি।
বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দলে তরুণদের সংখ্যা বাড়লেও অভিজ্ঞতার গুরুত্ব অস্বীকার করছেন না কোচ। বরং চূড়ান্ত দল নির্বাচনের সময় এই ভারসাম্যই বড় ভূমিকা রাখবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
সব মিলিয়ে, সিলভার সামনে এখনও সুযোগ রয়েছে। পারফরম্যান্স ধরে রাখতে পারলে আন্তর্জাতিক ফুটবলে আরেকবার দেখা যেতে পারে তাকে, আর সেটিই হতে পারে তার ক্যারিয়ারের শেষ বড় মঞ্চ।