বিশ্বকাপ বাছাইয়ের আগে ‘গোয়েন্দাগিরি’ বিতর্কে ইতালি-বসনিয়া

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অদ্ভুত এক বিতর্কে জড়িয়েছে বসনিয়া ও ইতালি। বসনিয়ার অভিযোগ, তাদের অনুশীলন সেশন গোপনে ভিডিও ধারণ করছিলেন একজন ইতালীয় সেনাসদস্য।
ঘটনাটি ঘটেছে সারায়েভোর কাছাকাছি বুটমিরে, যেখানে ম্যাচের প্রস্তুতি নিচ্ছিল বসনিয়া দল। শুরুতে অনুশীলনের কিছু সময় গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকলেও নির্ধারিত সময় শেষে সেটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এরপরও একজন ব্যক্তি মোবাইল ফোনে অনুশীলনের ভিডিও ধারণ করছিলেন বলে অভিযোগ ওঠে।
বসনিয়ার একটি ক্রীড়ামাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি ইতালীয় সেনাবাহিনীর সদস্য এবং তার পোশাকে ইতালির চিহ্ন ছিল। বিষয়টি নজরে আসার পর দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে দেয় দলটির নিরাপত্তাকর্মীরা।
ঘটনাটি ঘিরে ক্ষোভ প্রকাশ করেছে বসনিয়া ও হার্জেগোভিনা ফুটবল ফেডারেশন। তারা ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশন ইউফোরের কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছে।
তবে ইতালির পক্ষ থেকে অভিযোগটি নাকচ করা হয়েছে। দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই ব্যক্তি জাতীয় দলের সঙ্গে সংশ্লিষ্ট কেউ নন। বরং তিনি ইউফোরের অংশ হিসেবে দায়িত্ব পালন করা একজন সেনা, যার অবস্থান বুটমিরের কাছেই।
ইতালীয় সূত্রের দাবি, তিনি কোনো পরিকল্পিত উদ্দেশ্যে ভিডিও ধারণ করেননি, বরং ঘটনাস্থলের কাছাকাছি থাকায় অনুশীলন দেখছিলেন।
তবে বসনিয়ার পক্ষ থেকে বিষয়টি এখনও গুরুত্বসহকারে দেখা হচ্ছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন ঘটনার কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
সূত্র: মার্কা.কম