বার্সেলোনায় থাকতে চান ফ্লিক, তবে এখনই চুক্তি নয়

চ্যাম্পিয়ন্স লিগ থেকে দলের বিদায়ের হতাশা এখনও কাটেনি, তবে ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক। কাতালান কোচ জানিয়েছেন, তিনি ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহী, যদিও এই মুহূর্তে তার পুরো মনোযোগ লা লিগা জয়ের দিকে।
আটলেটিকো মাদ্রিদের কাছে কোয়ার্টার ফাইনালে হারের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে কথা বলেন ফ্লিক। ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এই জার্মান কোচ বলেন, বার্সেলোনাতেই নিজের কোচিং ক্যারিয়ারের শেষ অধ্যায় দেখতে চান তিনি।
তার কথায়, ক্লাবের পরিবেশ, ড্রেসিংরুমের ঐক্য এবং ব্যক্তিগত জীবন সব মিলিয়ে তিনি এখানে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই ভবিষ্যতে নতুন চুক্তি করার পরিকল্পনা রয়েছে, তবে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বিষয়টি নিয়ে আলোচনা করতে চান না।
২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই বার্সেলোনাকে নতুন রূপ দিয়েছেন ফ্লিক। প্রথম মৌসুমেই ঘরোয়া ট্রেবল জয়ের পাশাপাশি ২০২৬ সালের শুরুতে স্প্যানিশ সুপারকাপও জিতেছে তার দল। চলতি লা লিগায়ও তারা এগিয়ে রয়েছে, শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জোরালো।
তবে ইউরোপে ব্যর্থতা নিয়ে হতাশা লুকাননি তিনি। ফ্লিক স্বীকার করেন, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় দলকে কষ্ট দিয়েছে। কিন্তু এই অভিজ্ঞতাকে ভবিষ্যতের জন্য প্রেরণা হিসেবে দেখছেন তিনি।
ফ্লিক বলেন, তার দল এখনও তরুণ এবং শেখার প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। এমন হার দলকে আরও শক্তিশালী হতে সাহায্য করবে। একই সঙ্গে তিনি খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্ব প্রকাশ করেন এবং বলেন, সবাই নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে।
এখন বার্সেলোনার সামনে লক্ষ্য লা লিগা শিরোপা নিশ্চিত করা। রিয়াল মাদ্রিদের থেকে ব্যবধান থাকলেও মৌসুম শেষ হতে এখনও কয়েকটি ম্যাচ বাকি। তাই আত্মতুষ্টির সুযোগ নেই বলেই মনে করছেন ফ্লিক।
আগামী ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ইউরোপের হতাশা কাটিয়ে ঘরোয়া লিগে ধারাবাহিকতা ধরে রাখাই এখন ফ্লিকের দলের বড় চ্যালেঞ্জ।