logo

দলে না ডাকায় ক্ষুব্ধ নেইমার, বললেন ‘চুপ করে থাকতে পারি না’

দলে না ডাকায় ক্ষুব্ধ নেইমার, বললেন ‘চুপ করে থাকতে পারি না’

ব্রাজিল দলে আবারও জায়গা না পাওয়ায় হতাশা লুকাননি নেইমার জুনিয়র। কোচ কার্লো আনচেলত্তির সাম্প্রতিক স্কোয়াডে নাম না থাকায় নিজেকে ‘ক্ষুব্ধ’ ও ‘প্রতারিত’ বলে জানিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি কথা বলছি, কারণ চুপ করে থাকতে পারি না। অবশ্যই আমি ক্ষুব্ধ এবং দুঃখিত যে দলে ডাক পাইনি। তবে আমার লক্ষ্য একই—প্রতিদিন অনুশীলন করা, ম্যাচ খেলা এবং নিজেকে প্রস্তুত রাখা।’

দীর্ঘদিন ধরেই ইনজুরিতে ভোগা নেইমার ২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিলের হয়ে খেলেননি। এরপর একাধিক চোটে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।

তবে জাতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল)। তিনি বলেন, ‘বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনও আছে। আমরা লক্ষ্য অর্জন করব।’

অন্যদিকে কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে দলে না রাখার কারণ হিসেবে তার ফিটনেসের কথাই উল্লেখ করেছেন।

‘এই দলে আমরা শতভাগ ফিট খেলোয়াড়দের নিয়েছি। নেইমার এখনও শতভাগ ফিট নয়। তাই তাকে রাখা হয়নি,’ বলেন ব্রাজিল কোচ।

তবে আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, ফিটনেস ফিরে পেলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে পারেন নেইমার।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ। আর সেই দলে নেইমারের থাকা-না থাকা এখনও বড় এক প্রশ্ন হয়ে আছে।