logo

বিদায়েও খুনসুটি, সতীর্থের জার্সিতে মেসির মজার বার্তা

বিদায়েও খুনসুটি, সতীর্থের জার্সিতে মেসির মজার বার্তা
মেসির সেই মজার বার্তা। ছবি: মুসোর ইনস্টাগ্রাম

বিদায়ের রাতটা ছিল কান্না, আলিঙ্গন আর আবেগে ভরা। এর মধ্যেও অবশ্য নিজের চেনা রসিকতা হারাননি লিওনেল মেসি। আর্জেন্টিনা সতীর্থ হুয়ান মুসোর জার্সিতে স্বাক্ষর দিতে গিয়ে মজার এক বার্তা লিখেছেন ‍ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।

আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচের পর তার কাছে নিজের জার্সিতে স্বাক্ষর চান মুসো। মেসি শুধু স্বাক্ষর করেই থামেননি। আতলেটিকো মাদ্রিদের গোলকিপারের জন্য লিখেছেন বিশেষ এক বার্তা।

‘হুয়ানের জন্য, অনেক ভালোবাসা। তোমাকে গোলের পর গোল দিয়ে রাগিয়ে তোলার দিনগুলো মিস করব।

পরে নিজের ইনস্টাগ্রামে সেই জার্সির ছবি প্রকাশ করেন মুসো। সঙ্গে মেসিকে জড়িয়ে ধরার এবং তার বিদায়ী অনুষ্ঠান দেখার ছবিও দেন আর্জেন্টাইন গোলকিপার। ক্যাপশনে মাত্র দুটি শব্দ, ‘চিরকৃতজ্ঞ।’

মেসির কথার পেছনের গল্পটা আর্জেন্টিনার অনুশীলন মাঠে। এমিলিয়ানো মার্তিনেজের উপস্থিতিতে জাতীয় দলে বেশির ভাগ সময় বিকল্প গোলকিপার হিসেবেই থাকতে হয়েছে মুসোকে। অনুশীলনে তাই মেসির শট সামলানোর অভিজ্ঞতা হয়েছে বহুবার। সেই লড়াইয়ের কথাই বিদায়ের সময় মজা করে মনে করিয়ে দিলেন আর্জেন্টিনা অধিনায়ক।

ক্লাব ফুটবলে আবার দুজন কখনো একে অন্যের প্রতিপক্ষ হননি। ফলে মুসোর বিপক্ষে মেসির সেই ‘গোলের পর গোল’ মূলত জাতীয় দলের অনুশীলনেরই গল্প।

মঙ্গলবার বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার জার্সিতে নিজের ২১ বছরের পথচলার ইতি টানেন মেসি। শেষ ম্যাচেও ছিলেন স্বভাবসুলভ উজ্জ্বল। পেনাল্টি থেকে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও দুটি।