বেনজেমার দলবদল ঘিরে রোনালদোর অসন্তোষ, সৌদি লিগে নতুন অস্থিরতা

তিন বছর আগে সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর আগমন বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছিল। কয়েক মাসের মধ্যেই তার পথ ধরে আসেন বেনজেমা, নেইমার, সাদিও মানেসহ একঝাঁক তারকা। বিপুল বেতন ও বিনিয়োগে সৌদি লিগ তখন ইউরোপীয় ফুটবলের জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। কিন্তু সময়ের পরিক্রমায় সেই ‘বিপ্লব’ এখন লিগের ভেতরেই অস্থিরতার রূপ নিচ্ছে—রোনালদোর অসন্তোষ ও বেনজেমার দলবদল যেন পুরো শিরোপা দৌড়কে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
আল-নাসরে যোগ দেওয়ার পর থেকে গোলের বন্যা বইয়ে দিলেও এখনো লিগ শিরোপা জেতা হয়নি রোনালদোর। এ মৌসুমে নতুন কোচ জর্জে জেসুসের অধীনে শক্তিশালী স্কোয়াড গড়ে শিরোপা জয়ের আশা জোরালো হয়েছিল। শুরুতে টানা জয়ে এগিয়েও বছরের শুরুতেই কয়েকটি অপ্রত্যাশিত হারে শীর্ষস্থান হারায় আল-নাসর।
শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে বড় সাইনিংয়ের প্রত্যাশা থাকলেও ক্লাব শেষ পর্যন্ত তেমন কোনো তারকা আনতে পারেনি। এরই মধ্যে সংবাদমাধ্যমে দাবি ওঠে—রোনালদো নাকি এক ম্যাচে মাঠে নামতে অস্বীকৃতি জানান, যা লিগজুড়ে আলোচনার জন্ম দেয়। যদিও আনুষ্ঠানিকভাবে ক্লাব কোনো শাস্তিমূলক ঘোষণা দেয়নি, তবু বিষয়টি সৌদি প্রো লিগের ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে।
অন্যদিকে লিগে আল-নাসরের শিরোপা প্রতিদ্বন্দ্বী আল ইত্তিহাদের সঙ্গে চুক্তি চলমান থাকা অবস্থাতেই বেনজেমার আল হিলালে যোগ দেওয়ার খবর লিগে বড় চমক তৈরি করে। গত মৌসুমে ডাবল জয়ে বড় অবদান রাখা এই ফরাসি ফরোয়ার্ডের দলবদল নিয়ে প্রশ্ন উঠেছে ট্রান্সফার কাঠামো ও ক্লাব পরিচালনার স্বচ্ছতা নিয়েও।
সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF)-এর অধীনে একাধিক বড় ক্লাব পরিচালিত হওয়ায় একই মালিকানার ক্লাবগুলোর মধ্যে তারকা স্থানান্তর প্রতিযোগিতার ন্যায্যতা নিয়ে বিতর্ক উসকে দিয়েছে। সমর্থক মহলে ‘ফেয়ার ফাইট’-এর প্রশ্নও তাই জোরালো।
এ দুই ঘটনার পর সৌদি প্রো লিগের শিরোপা লড়াই আরও নাটকীয় হয়ে উঠেছে। রোনালদোবিহীন ম্যাচে আল-নাসরের জয় যেমন লড়াইকে খোলা রেখেছে, তেমনি বেনজেমাকে পেয়ে আল হিলালের শক্তি বেড়েছে বহুগুণ। লিগের শীর্ষ তিন দলের মধ্যে পয়েন্ট ব্যবধানও কমে এসেছে, ফলে শেষ পর্যন্ত কে শিরোপা তুলবে, তা অনিশ্চিত।
একসময় ইউরোপ থেকে তারকা টানার জন্য আলোচিত সৌদি প্রো লিগ এখন ভিন্ন এক চ্যালেঞ্জে পড়েছে—নিজস্ব তারকাদের অসন্তোষ ও অভ্যন্তরীণ দলবদল ঘিরে বিতর্ক। রোনালদোর জনপ্রিয়তা লিগের ব্র্যান্ডিংয়ে বড় ভূমিকা রাখলেও তার অনুপস্থিতি বা অসন্তোষ লিগের ইমেজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একইভাবে বেনজেমার স্থানান্তরও প্রতিযোগিতার ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলছে।
সব মিলিয়ে, সৌদি প্রো লিগের ‘গ্যালাকটিকো যুগ’ এখন এক নতুন পরীক্ষার মুখে—তারকাদের পারফরম্যান্সের পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা ও প্রতিযোগিতার ন্যায্যতা ধরে রাখতে পারলেই কেবল এই লিগ তার বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা টিকিয়ে রাখতে পারবে।
সূত্র : গোল.কম

