logo
Advertisement

ঢাকায় ব্রাজিলের ম্যাচ নিয়ে বাফুফে সভাপতির ইতিবাচক বার্তা

এশিয়া পোস্ট স্পোর্টস
ঢাকায় ব্রাজিলের ম্যাচ নিয়ে বাফুফে সভাপতির ইতিবাচক বার্তা
ব্রাজিলের বাংলাদেশ ম্যাচ খেলতে আসার গুঞ্জন নিয়ে কথা বলেছেন ফিফা সভাপতি। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ, ভারতের বিপক্ষে খেলার আগে কিংবা পরে অনুশীলন এবং ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা, কোনো সম্ভাবনাই আলোচনার বাইরে নেই। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

Advertisement

বাংলাদেশ-ব্রাজিল প্রীতি ম্যাচ কিংবা ঢাকায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের অনুশীলনের সম্ভাবনা নিয়ে দেশের ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি স্টারকে তাবিথ বলেন, ‘উত্তর হ্যাঁ। আমরা সব বিকল্প নিয়েই আলোচনা করেছি।’

আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটি হবে যথাক্রমে টাউনসভিল ও ব্রিসবেনে। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে তারা।

ভারত ম্যাচের পর ৫ অথবা ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। কলকাতা যাওয়ার আগে ঢাকায় এসে অনুশীলন করার বিকল্পটিও আলোচনায় এসেছে। তবে এখনো কোনো পরিকল্পনাই চূড়ান্ত হয়নি।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল রোববার ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম, কয়েকটি হোটেল ও বসুন্ধরা কিংস অ্যারেনার সুযোগ-সুবিধা পরিদর্শন করে। সফরের বেশির ভাগ সময়ই তারা সম্ভাব্য ভেন্যু ও আবাসনব্যবস্থা যাচাইয়ে ব্যয় করেছে বলে জানান তাবিথ।

জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনার মাঠ এবং আশপাশের জায়গাকে ব্রাজিল জাতীয় দলের জন্য গ্রহণযোগ্য মনে হয়েছে প্রতিনিধি দলের। তবে ড্রেসিংরুম, কারিগরি কর্মীদের জায়গা এবং প্রবেশ ও বের হওয়ার পথের নিরাপত্তাব্যবস্থায় কিছু উন্নয়নের প্রয়োজনীয়তা দেখেছেন তারা। বাফুফে সভাপতির মতে, অল্প সময় ও সীমিত প্রচেষ্টাতেই এসব কাজ করা সম্ভব।

সোমবার রাত ১টা ৪০ মিনিটে ঢাকা ছেড়েছে ব্রাজিলের প্রতিনিধি দল। চলতি সপ্তাহেই তাদের পর্যবেক্ষণ ও সুপারিশসংবলিত প্রতিবেদন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কাছে জমা দেওয়ার কথা।

দুই ফেডারেশনের আলোচনায় শুধু প্রীতি ম্যাচ নয়, অবকাঠামো ও মাঠের উন্নয়ন, যৌথ কোচিং কর্মসূচি এবং ক্রীড়াবিজ্ঞান নিয়েও একসঙ্গে কাজ করার বিষয় উঠে এসেছে। বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে প্রতিনিধিদল।

ব্রাজিলকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানানো এবং ভবিষ্যতে ঢাকাকে তাদের নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহারের সম্ভাবনা নিয়ে শিগগিরই সিবিএফের সঙ্গে আরেক দফা বৈঠক করবে বাফুফে।

তবে একই সময়ে ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ। ২৪ সেপ্টেম্বর শুরু হওয়া প্রতিযোগিতাটির শেষ দিন ৪ অক্টোবর। বাংলাদেশকে অন্তত তিনটি গ্রুপ ম্যাচ এবং প্রয়োজনে আরও একটি স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে।

তাই আলোচনা এগোলেও ঢাকা সফর কিংবা বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ এখনো নিশ্চিত নয়। আপাতত নিশ্চিত খবর একটিই, সম্ভাব্য সব পথ নিয়েই দুই ফেডারেশনের মধ্যে কথা হয়েছে।

ঢাকায় ব্রাজিলের ম্যাচ নিয়ে বাফুফে সভাপতির ইতিবাচক বার্তা