Advertisement

যে চুক্তিতে শাস্তি থেকে বেঁচে গেলেন মেসি

এশিয়া পোস্ট স্পোর্টস
যে চুক্তিতে শাস্তি থেকে বেঁচে গেলেন মেসি
লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল। ছবি: সংগৃহীত

একই ম্যাচে টানা দ্বিতীয়বার অনুপস্থিত থাকছেন লিওনেল মেসি, তবে ফল হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। গত বছর এমএলএস অল-স্টার ম্যাচ না খেলায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন আর্জেন্টাইন তারকা। এবারও তিনি খেলবেন না, কিন্তু তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে না মেজর লিগ সকার।

মেসির সঙ্গে অল-স্টার ম্যাচে থাকছেন না ইন্টার মায়ামির আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলও। দুজনকেই আনুষ্ঠানিকভাবে ম্যাচ থেকে অব্যাহতি দিয়েছে এমএলএস। বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনাল পর্যন্ত খেলার পর তাদের প্রয়োজনীয় বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত থেকেই এই ছাড়।

কিন্তু গতবার যে কারণে শাস্তি হয়েছিল, এবার একই সিদ্ধান্তে মেসি কীভাবে পার পেয়ে যাচ্ছেন?

এর উত্তর রয়েছে ২০২৬ মৌসুম শুরুর আগে এমএলএস ও খেলোয়াড়দের সংগঠন এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্যে হওয়া একটি চুক্তিতে। বিশ্বকাপ শেষ করে কোনো খেলোয়াড় তার ক্লাবে ফেরার পর কত দিন বিশ্রাম পাবেন এবং কবে অনুশীলন ও প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরবেন, সেটি সংশ্লিষ্ট খেলোয়াড় ও ক্লাব আলোচনা করে ঠিক করতে পারবে।

সেই চুক্তি অনুসারেই মেসি ও দি পলের সঙ্গে আলাদাভাবে কথা বলেছে ইন্টার মায়ামি। বিশ্বকাপে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর দুজনের বিশ্রামের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। এমএলএসও সেই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। ফলে অল-স্টার ম্যাচে তাদের অনুপস্থিতি নিয়ম ভাঙা হিসেবে বিবেচিত হচ্ছে না।

২০২৫ সালে পরিস্থিতি ছিল ভিন্ন। মেসি ও তার তৎকালীন সতীর্থ জর্দি আলবা অল-স্টার ম্যাচে অংশ নেননি। কিন্তু তাদের অনুপস্থিতির জন্য লিগের আগাম অনুমোদন ছিল না। এমএলএসের নিয়ম অনুযায়ী, নির্বাচিত কোনো সুস্থ খেলোয়াড় আগাম অনুমতি ছাড়া অল-স্টার ম্যাচ এড়িয়ে গেলে নিজের ক্লাবের পরবর্তী ম্যাচে খেলার যোগ্যতা হারান।

সেই নিয়মেই মেসি ও আলবাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। ফলে এফসি সিনসিনাটির বিপক্ষে ইন্টার মায়ামির গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে পারেননি তারা। মায়ামির অন্যতম মালিক হোর্হে মাস তখন শাস্তিটিকে অতিরিক্ত কঠোর বলে সমালোচনা করেছিলেন।

এবার অবশ্য অনুপস্থিতির বিষয়টি আগেই অনুমোদিত হওয়ায় সেই নিয়ম কার্যকর হচ্ছে না। অর্থাৎ মেসি বিশেষ সুবিধায় নিয়ম ভেঙে শাস্তি এড়াচ্ছেন না। বিশ্বকাপ-পরবর্তী বিশ্রাম নিয়ে নতুন চুক্তির অধীনেই তাকে ছাড় দিয়েছে লিগ।

টানা তৃতীয় বছর এমএলএস অল-স্টার ম্যাচে দেখা যাবে না মেসিকে। ২০২৪ সালে কোপা আমেরিকার ফাইনালে পাওয়া গোড়ালির চোটে খেলতে পারেননি তিনি। পরের বছর ম্যাচ এড়িয়ে নিষিদ্ধ হন। এবার কারণ বিশ্বকাপ শেষে নির্ধারিত বিশ্রাম।

মেসি ও দি পল ছাড়াও অল-স্টার দল থেকে সরে গেছেন হুগো কুইপার্স ও এমবেকেজেলি এমবোকাজি। তাদের জায়গায় দলে যোগ করা হয়েছে ইয়ানিক ব্রাইট, আন্দ্রেস কুবাস, গিলের্মে ও ফিলিপ জিনকারনাগেলকে।

যুক্তরাষ্ট্রের শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ২৯ জুলাই অনুষ্ঠিত হবে এবারের অল-স্টার ম্যাচ। এতে এমএলএসের সেরা খেলোয়াড়দের মুখোমুখি হবে মেক্সিকোর শীর্ষ লিগ লিগা এমএক্সের নির্বাচিত দল। তবে বিশ্বের সবচেয়ে বড় আকর্ষণ মেসিকে ছাড়াই মাঠে গড়াবে ম্যাচটি।