শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়ার সঙ্গে জয় হাতছাড়া বাংলাদেশের

অষ্টম মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর প্রায় পুরো ম্যাচ সেই ব্যবধান ধরে রেখেছিল লাল-সবুজের তরুণরা। কিন্তু শেষ মুহূর্তে ইন্দোনেশিয়ার অধিনায়কের গোলে ভেস্তে গেল জয়ের আশা। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। তিন ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি আকবর হোসেন রিদনের দল।
রোববার (২৫ অক্টোবর) আজারবাইজানের বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে ‘জি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশের একমাত্র গোলটি করেন মোহাম্মদ বায়েজিদ। ইন্দোনেশিয়ার হয়ে সমতাসূচক গোল করেন অধিনায়ক আই কাদেক দ্বি। আট বনাম আট ফুটবলারের এই প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচের দৈর্ঘ্য ৪০ মিনিট। দুই অর্ধে খেলা হয় ২০ মিনিট করে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের চেষ্টা চালায় ইন্দোনেশিয়া। ষষ্ঠ মিনিটে ডিকি কার্সটেনজের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় তারা। দুই মিনিট পরই উল্টো গোল পেয়ে যায় বাংলাদেশ। সুযোগ কাজে লাগিয়ে ইন্দোনেশিয়ার গোলরক্ষক রেনাল্ডি রিজকিকে পরাস্ত করেন বায়েজিদ। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
গোল হজমের পর সমতায় ফিরতে আক্রমণের চাপ বাড়ায় ইন্দোনেশিয়া। খোলা আক্রমণের পাশাপাশি সেট পিস থেকেও সুযোগ তৈরির চেষ্টা করে তারা। তবে বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি। ফলে এক গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় লাল-সবুজের দল।
দ্বিতীয়ার্ধেও সমতায় ফিরতে মরিয়া ছিল ইন্দোনেশিয়া। ২৬তম মিনিটে ভালো একটি সুযোগ পান নাজার আলফিয়ানসিয়াহ। কিন্তু তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এরপরও আক্রমণ অব্যাহত রাখে ইন্দোনেশিয়া। বাংলাদেশের রক্ষণ অবশ্য প্রতিপক্ষকে আটকে রেখে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল।
শেষ পর্যন্ত আর জয় ধরে রাখা হয়নি বাংলাদেশের। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে ইন্দোনেশিয়াকে সমতায় ফেরান অধিনায়ক আই কাদেক দ্বি। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
এর আগে শনিবার নিজেদের প্রথম ম্যাচে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। রোববার দিনের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে বায়েজিদের প্রথম মিনিটের গোলে এগিয়ে গিয়েও ৩-১ ব্যবধানে হারে তারা। ইন্দোনেশিয়ার বিপক্ষে দ্বিতীয় ড্রয়ে তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২ পয়েন্ট।
‘জি’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ বুরুন্ডি ও ফিজি। সোমবার (২৬ অক্টোবর) এই দুই দলের বিপক্ষে খেলবে বাংলাদেশের তরুণরা।
