Advertisement

ছয় বিশ্বকাপ খেলে গ্লাভস তুলে রাখলেন ওচোয়া

এশিয়া পোস্ট স্পোর্টস
ছয় বিশ্বকাপ খেলে গ্লাভস তুলে রাখলেন ওচোয়া
গিয়ের্মো ওচোয়া। ছবি: রয়টার্স

দুই দশকের বেশি সময় মেক্সিকোর গোলপোস্টের নির্ভরতার প্রতীক ছিলেন গিয়ের্মো ওচোয়া। দেশের মাটিতে ষষ্ঠ বিশ্বকাপ খেলার পর এবার গ্লাভস তুলে রাখার ঘোষণা দিয়েছেন কিংবদন্তি এই গোলরক্ষক। এর মধ্য দিয়ে শেষ হলো তার ২২ বছরের পেশাদার ক্যারিয়ার।

গত সপ্তাহে ৪১ বছরে পা রাখা ওচোয়া মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন। ক্লাব ও জাতীয় দল, দুই ধরনের ফুটবল থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি।

বিদায়ী বার্তায় ওচোয়া লিখেছেন, ‘আমি নিজের সবটুকু দিয়েছি। ক্লাব ও জাতীয় দলের জন্য মাঠে সবকিছু রেখে এসেছি। আজ গ্লাভস তুলে রাখছি।’

গোলরক্ষকের দায়িত্বের কঠিন দিকটিও তুলে ধরেছেন তিনি। একটি ম্যাচে ৯০ মিনিট অপেক্ষার পর এমন একটি মুহূর্ত আসতে পারে, যখন পুরো দলের ভাগ্য গোলরক্ষকের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। সেই মুহূর্তে দ্বিধার কোনো সুযোগ থাকে না বলে মনে করেন ওচোয়া।

২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে শুরু করে টানা ছয়টি আসরে মেক্সিকোর দলে ছিলেন তিনি। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের সঙ্গে ছয় বিশ্বকাপের বিরল তালিকায় জায়গা করে নিয়েছেন ওচোয়া।

২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়া ও ২০২২ কাতার বিশ্বকাপে মেক্সিকোর প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন তিনি। বিশেষ করে ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে তার অসাধারণ পারফরম্যান্স এখনো স্মরণীয়। ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের রবার্ট লেভানডফস্কির পেনাল্টি ঠেকিয়েও আলোচনায় এসেছিলেন তিনি।

এবারের বিশ্বকাপে রাউল রাঙ্গেলের বিকল্প হিসেবে দলে ছিলেন ওচোয়া। গ্রুপ পর্বে চেকিয়ার বিপক্ষে মেক্সিকোর শেষ ম্যাচের শেষ দিকে তাকে মাঠে নামান কোচ হাভিয়ের আগুইরে। সেটিই হয়ে থাকে জাতীয় দলের হয়ে তার ১৫৪তম ও শেষ ম্যাচ।

ম্যাচ শেষে আজতেকা স্টেডিয়ামের গোলপোস্টে চুমু দেন আবেগাপ্লুত ওচোয়া। পরে হাঁটু গেড়ে বসলে তাকে ঘিরে ধরেন সতীর্থরা। দর্শকেরা স্টেডিয়াম ছেড়ে যাওয়ার অনেক পর আবারও একা মাঝমাঠে ফিরে শেষবারের মতো চারপাশ দেখেন তিনি।

এই আজতেকা স্টেডিয়ামেই শুরু হয়েছিল ওচোয়ার পেশাদার ক্যারিয়ার। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে ক্লাব আমেরিকার হয়ে মেক্সিকোর শীর্ষ লিগে অভিষেক হয় তার। প্রথম দফায় সাত মৌসুম ক্লাবটিতে কাটানোর পর ২০১১ সালে ফ্রান্সের আজাক্সিওতে যোগ দেন তিনি। এর মাধ্যমে ইউরোপে খেলা মেক্সিকোতে জন্ম নেওয়া প্রথম গোলরক্ষক হন ওচোয়া।

দীর্ঘ ইউরোপীয় ক্যারিয়ারে মালাগা, গ্রানাদা, স্ট্যান্ডার্ড লিয়েজ, সালেরনিতানা, এভিএস ফুটবল ও এএল লিমাসোলের হয়ে খেলেছেন তিনি। মাঝে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আবারও ক্লাব আমেরিকায় ফিরেছিলেন।

ক্লাব আমেরিকার হয়ে ২০০৫ ক্লাউসুরা লিগ এবং স্ট্যান্ডার্ড লিয়েজের হয়ে বেলজিয়ান কাপ জেতেন ওচোয়া। মেক্সিকোর জার্সিতে ছয়টি কনকাকাফ গোল্ড কাপ জয়ের পাশাপাশি টোকিও অলিম্পিকে ব্রোঞ্জপদকও অর্জন করেন তিনি।

বিদায়ী বার্তায় ওচোয়া জানিয়েছেন, একটি স্বপ্ন তাকে এত দূর নিয়ে যাবে, তা কখনো কল্পনাও করেননি। কোটি মানুষের ভালোবাসা এবং মেক্সিকোর জন্য নিজের সবকিছু দেওয়ার তৃপ্তি নিয়েই বিদায় নিচ্ছেন দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক।