জাতীয় দলকে বিদায়, এবার কি ফুটবলও ছাড়ছেন নেইমার?

বিশ্বকাপ থেকে ব্রাজিলের অকাল বিদায়। জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলার ইঙ্গিত। এরপরই ছড়িয়ে পড়ে আরেকটি প্রশ্ন। নেইমার কি শুধু ব্রাজিল দলকেই বিদায় জানাচ্ছেন, নাকি পেশাদার ফুটবল থেকেই সরে দাঁড়ানোর কথা ভাবছেন?
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জিই তাদের বিশ্লেষণে বলছে, ৩৪ বছর বয়সি তারকার অবসর নেওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া না গেলেও সেটি অনেকটাই দুর্বল হয়েছে। আপাতত সবচেয়ে স্বাভাবিক পথ হলো সান্তোসে ফিরে মৌসুমের বাকি অংশ খেলা।
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচে দলের একমাত্র গোলটি করেছিলেন নেইমার। সেটিই শেষ পর্যন্ত তার পেশাদার জীবনের শেষ গোল হয়ে থাকবে কি না, এমন আলোচনা শুরু হয় ব্রাজিলের বিদায়ের পর।
বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন নেইমার। আগামী ১৭ জুলাই সান্তোসের রেই পেলে অনুশীলন কেন্দ্রে তার ফেরার দিন ঠিক করা হয়েছে। ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
তবে সান্তোসের ভেতরে নেইমারের সিদ্ধান্ত নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় বারবার চোটে পড়া এবং ব্রাজিলের সবচেয়ে বড় তারকা হিসেবে দীর্ঘদিনের চাপ তাকে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে। ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, বিশ্বকাপের পর ফুটবল নিয়েই বিরক্ত অবস্থায় ছিলেন তিনি।
অবসরের আলোচনা আরও জোরালো হয় নেইমারের বাবার একটি আবেগঘন বার্তার পর। ছেলেকে ফুটবল চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি লিখেছিলেন, ‘বল পায়ে আবার আনন্দ খুঁজে নাও। মাঠে নিজের হাসিটা ফিরিয়ে আনো।’
ক্যারিয়ারের বিভিন্ন সিদ্ধান্তে বাবার পরামর্শকে গুরুত্ব দিয়েছেন নেইমার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর, ফুটবল ছেড়ে দেওয়ার সম্ভাবনা আগের তুলনায় কমেছে এবং বর্তমানে সেটিকে দূরের সম্ভাবনা হিসেবেই দেখা হচ্ছে।
নেইমারের সামনে সান্তোসের হয়ে ব্যস্ত সময় অপেক্ষা করছে। বছরের দ্বিতীয় ভাগে ব্রাজিলিয়ান লিগের পাশাপাশি কোপা দো ব্রাজিল ও কোপা সুদামেরিকানায় খেলবে ক্লাবটি। দক্ষিণ আমেরিকার প্রতিযোগিতায় আগামী ২১ জুলাই ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ম্যাচ রয়েছে। তবে সেই সফরে নেইমার থাকবেন কি না, এখনো নিশ্চিত নয়।
সান্তোসের সঙ্গে আর্থিক জটিলতাও রয়েছে। স্বত্ব বাবদ নেইমারের কাছে ক্লাবটির বকেয়া ৯ কোটি ব্রাজিলিয়ান রিয়ালের বেশি। সেই অর্থ ২০৩০ সালের মধ্যে পরিশোধের সমঝোতা হয়েছে। আর্থিক সমস্যা থাকলেও নেইমারের পারিবারিক প্রতিষ্ঠান এনআর স্পোর্টসের সঙ্গে সান্তোসের সম্পর্ক এখনও স্বাভাবিক।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারও নেইমারের সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচনায় রয়েছে। এফসি সিনসিনাটির আগ্রহ কিছুটা কমে গেলেও যুক্তরাষ্ট্রের অন্য কোনো ক্লাব তাকে বড় অঙ্কের প্রস্তাব দিতে পারে। তুলনামূলক কম চাপের সূচি এবং তারকা হিসেবে বিশেষ সুবিধাও নেইমারকে আকৃষ্ট করতে পারে।
সব মিলিয়ে তাৎক্ষণিক অবসরের চেয়ে ১৭ জুলাই সান্তোসে ফেরাই এখন সবচেয়ে সম্ভাব্য দৃশ্যপট। তবে ডিসেম্বরের পর তিনি সান্তোসে থাকবেন, এমএলএসে যাবেন নাকি সত্যিই বুটজোড়া তুলে রাখবেন, সেই সিদ্ধান্ত এখনও খোলা।





