logo
Advertisement

মেসির পাসে কাসেমিরোর গোল, হার এড়াল মায়ামি

মেসির পাসে কাসেমিরোর গোল, হার এড়াল মায়ামি
ম্যাচে মেসির অ্যাসিস্টে গোল করেন কাসেমিরো। ছবি: গেটি ইমেজ

লিওনেল মেসি গোল বানিয়ে দিলেন, কাসেমিরো টানা তৃতীয় ম্যাচে পেলেন জালের দেখাও। তবে শিকাগো ফায়ারের মাঠ থেকে জয় নিয়ে ফেরা হলো না ইন্টার মায়ামির। রবার্ট লেভানডফস্কির গোলে পিছিয়ে পড়া দলটি শেষ পর্যন্ত ড্র করেছে ১-১ গোলে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শিকাগোর সোলজার ফিল্ডে মেসি ও লেভানডফস্কির মুখোমুখি লড়াই দেখতে হাজির হয়েছিলেন ৬৩ হাজার ৯৪ জন দর্শক। নিজেদের কোনো ম্যাচে এত দর্শক আগে দেখেনি শিকাগো ফায়ার। আগের রেকর্ডটিও ছিল মায়ামির বিপক্ষে, গত বছরের এপ্রিলে ৬২ হাজার ৩৫৮ দর্শকের উপস্থিতিতে।

ঘরের মাঠের দর্শকদের শুরুতেই উল্লাসে ভাসান লেভানডফস্কি। দশম মিনিটে পোলিশ তারকার গোলে এগিয়ে যায় শিকাগো। এরপর মায়ামি সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি। মেসি ও হেরমান বেরতেরামের চেষ্টা ঠেকিয়ে প্রথমার্ধে স্বাগতিকদের ব্যবধান ধরে রাখেন গোলরক্ষক ক্রিস ব্র্যাডি।

বিরতির পর অবশ্য দ্রুতই সমতা ফেরায় মায়ামি। ৪৮তম মিনিটে মেসির মাপা কর্নারে জোরালো হেডে জাল খুঁজে নেন কাসেমিরো। ব্রাজিলিয়ান তারকার এটি টানা তিন ম্যাচে হেডে তৃতীয় গোল। আর এই গোলে সহায়তা করে এবারের লিগে মেসির গোল বানিয়ে দেওয়ার সংখ্যা হয়েছে ১৩। এই তালিকায় সবার ওপরে আছেন আর্জেন্টাইন তারকা।

সমতায় ফেরার পর জয়ের গোলের খোঁজ চালিয়ে যায় মায়ামি। ম্যাচে শিকাগোর ৯টির বিপরীতে তারা শট নেয় ২০টি। কিন্তু ব্র্যাডির ছয়টি সেভে আর গোল পাওয়া হয়নি অতিথিদের। অন্যদিকে দ্বিতীয়ার্ধে দুটি গুরুত্বপূর্ণ সেভ করে মায়ামিকে বিপদ থেকে বাঁচান গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারও।

এই ড্রয়ে ২৪ ম্যাচে মায়ামির পয়েন্ট হলো ৪৪। এমএলএসের পূর্বাঞ্চলীয় তালিকায় দ্বিতীয় স্থানে আছে দলটি। ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শিকাগো ফায়ার।