logo
Advertisement

আবারও চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

আবারও চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার
নেইমার জুনিয়র। ছবি: এজিআইএফ

চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। পালমেইরাসের বিপক্ষে কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে নতুন করে ডান ঊরুতে ব্যথা পেয়েছেন সান্তোস অধিনায়ক। ড্রেসিংরুমে ফেরার সময় চোখের পানি ধরে রাখতে পারেননি ব্রাজিলিয়ান তারকা।

Advertisement

বুধবার ভিলা বেলমিরোতে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে সমস্যাটি অনুভব করেন নেইমার। বাইরে থেকে শট নেওয়ার সময় ডান পা ব্যবহার করতে না পেরে বাঁ পায়ে চেষ্টা করেন তিনি। ৪৩ মিনিটে বেঞ্চের দিকে ইঙ্গিত দেওয়ার পর কয়েকবার নিজের ডান ঊরুর পেছনের অংশে হাত রাখতে দেখা যায় তাকে।

ব্যথা নিয়েই প্রথমার্ধের বাকি সময় মাঠে ছিলেন নেইমার। তবে বিরতির পর আর খেলতে নামেননি। তার বদলে রনিকে মাঠে পাঠান সান্তোস কোচ কুকা। অধিনায়কের বাহুবন্ধনী তুলে দেওয়া হয় গ্যাব্রিয়েল বারবোসার হাতে।

ড্রেসিংরুমে যাওয়ার পথে কাঁদতে দেখা যায় ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডকে। চোটের ধরন ও কতদিন মাঠের বাইরে থাকতে হবে, তা এখনো নিশ্চিত নয়। সমস্যাটির মাত্রা জানতে নেইমারের শারীরিক পরীক্ষা করানো হবে।

ম্যাচটি গোলশূন্য ড্র হলেও কোপা দো ব্রাজিল থেকে বিদায় নিয়েছে সান্তোস। প্রথম লেগে পালমেইরাসের মাঠে ৩–০ গোলে হেরেছিল তারা। ফলে দুই লেগ মিলিয়ে একই ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছে পালমেইরাস।

ম্যাচের পর ভিলা বেলমিরোর মাঠের অবস্থার তীব্র সমালোচনা করেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে এটিকে ভিলা বেলমিরোর ইতিহাসের সবচেয়ে বাজে মাঠ হিসেবে উল্লেখ করেন তিনি। নেইমারের অভিযোগ, মাঠে অনেক গর্ত ছিল এবং দৌড় ও হঠাৎ থামার সময় খেলোয়াড়দের স্বাভাবিকের চেয়ে বেশি শক্তি প্রয়োগ করতে হয়েছে।

নেইমারের সম্ভাব্য অনুপস্থিতি সান্তোসের জন্য বড় দুশ্চিন্তার কারণ। ব্রাজিলের শীর্ষ লিগে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলটি রোববার ইন্টারন্যাসিওনালের মুখোমুখি হবে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে নেইমার খেলতে পারবেন কি না, তা পরীক্ষার ফল পাওয়ার পরই জানা যাবে।