logo

বেতন দ্বিগুণ করেও কি ওলিসেকে ধরে রাখতে পারবে বায়ার্ন?

বেতন দ্বিগুণ করেও কি ওলিসেকে ধরে রাখতে পারবে বায়ার্ন?
মাইকেল ওলিসে। ছবি: গেটি ইমেজ

ফরাসি তারকা মাইকেল ওলিসেকে ধরে রাখতে বেতনের অঙ্ক প্রায় দ্বিগুণ করতে প্রস্তুত বায়ার্ন মিউনিখ। রিয়াল মাদ্রিদসহ ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহের মধ্যে দারুণ ফর্মে থাকা এই তারকাকে হারাতে চায় না জার্মান চ্যাম্পিয়নরা।

তবে বিপুল বেতনেও ওলিসের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করতে পারছে না বায়ার্ন। কারণ নতুন চুক্তিতে ক্লাব ছাড়ার বিশেষ শর্ত রাখতে চান ওলিসে, যা নিয়ে তৈরি হতে পারে জটিলতা।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদন অনুযায়ী, ওলিসের বর্তমান চুক্তি শেষ হবে ২০২৯ সালে। তবে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহের কারণে আগেভাগেই তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চায় বায়ার্ন। সে জন্য তাকে দলের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার বানানোর পরিকল্পনা করছে ক্লাবটি।

বর্তমানে বছরে প্রায় ১ কোটি ৪০ লাখ ইউরো আয় করেন ওলিসে। নতুন চুক্তিতে সেই অঙ্ক আড়াই কোটি ইউরোর বেশি হতে পারে বলে জানিয়েছে এএস। সেটি হলে হ্যারি কেইন ও জামাল মুসিয়ালাকে ছাড়িয়ে বায়ার্নের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার হয়ে উঠবেন ২৪ বছর বয়সী এই ফরাসি তারকা।

তবে বেতনের চেয়েও বড় বিষয় হয়ে উঠতে পারে চুক্তির একটি বিশেষ শর্ত। এএসের দাবি, নতুন চুক্তিতে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ক্লাব ছাড়ার সুযোগ রাখতে চান ওলিসে। অর্থাৎ ভবিষ্যতে কোনো ক্লাব নির্ধারিত অর্থ দিতে রাজি হলে চুক্তির মেয়াদ বাকি থাকলেও দলবদলের পথ খুলে যেতে পারে তার সামনে।

স্প্যানিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বায়ার্ন সেই শর্তের অঙ্ক ২০ কোটি ইউরো রাখতে চায়। অন্যদিকে ওলিসে ও তার প্রতিনিধিরা আরও কম অঙ্কের শর্ত চাইছেন।

বায়ার্নের ক্রীড়িবিষয়ক পরিচালক ম্যাক্স এবার্ল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। গত শনিবার আউগসবুর্গের বিপক্ষে ম্যাচের আগে সম্প্রচারমাধ্যম ডিএজেডএনকে তিনি বলেন, ‘আমাদের ইচ্ছা স্পষ্ট। আমরা মাইকেলের সঙ্গে দীর্ঘদিন কাজ করতে চাই। সম্ভব হলে চুক্তি বাড়িয়ে ২০২৯ সালের পরও। সে বিশ্বমানের ফুটবলার, এখনো নিজের সামর্থ্যের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি।’

তবে চুক্তি নবায়ন নিয়ে আলোচনার বিষয়ে এবার্ল বলেন, ‘সত্যি বলতে, এখনো কোনো আলোচনাই হয়নি। আমাদের চারপাশে যেসব আলোচনা চলছে, বাস্তবে সেসবের কিছুই ঘটেনি।’

ওলিসেকে ধরে রাখার ইচ্ছা থাকলেও সিদ্ধান্ত যে শুধু বায়ার্নের হাতে নেই, সেটিও স্বীকার করেছেন এবার্ল। তার কথায়, ‘আমরা সেটাই চাই। তবে এখানে আরও একটি পক্ষ রয়েছে।’

২০২৪ সালে ক্রিস্টাল প্যালেস থেকে প্রায় ৫ কোটি ৩০ লাখ ইউরোয় ওলিসেকে দলে নিয়েছিল বায়ার্ন। ইংলিশ ক্লাবটিতে তার চুক্তিতে নির্দিষ্ট অর্থে দল ছাড়ার সুযোগ ছিল। সেই শর্তের সুবিধা নিয়েই তাকে কিনেছিল জার্মান ক্লাবটি।

এরপর দুর্দান্ত পারফরম্যান্সে ইউরোপের অন্যতম আলোচিত ফুটবলার হয়ে উঠেছেন ওলিসে। গত মৌসুমে বায়ার্নের হয়ে ৫২ ম্যাচে সরাসরি ৫৩ গোলে অবদান রেখেছিলেন তিনি।