মেসির বিদায়ের পর জার্সি নিয়ে উন্মাদনা, খোঁজ বেড়েছে ৫৩১ শতাংশ

মাঠে লিওনেল মেসির বিদায় হয়ে গেছে, কিন্তু তাকে ঘিরে সমর্থকদের উন্মাদনা কমার লক্ষণ নেই। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পর বিশ্বজুড়ে তার জার্সির খোঁজ বেড়েছে অবিশ্বাস্য হারে। বিদায়ের পর মাত্র ২৪ ঘণ্টায় গুগলে মেসির আর্জেন্টিনার জার্সি খোঁজার পরিমাণ বেড়েছে ৫৩১ শতাংশ।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ক্রীড়াসামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান জেডি স্পোর্টসের বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, মেসির বিদায়ী ম্যাচের পরবর্তী ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে গুগলে ‘মেসি আর্জেন্টিনা শার্ট’ লিখে অনুসন্ধানের পরিমাণ ৫৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তবে এই পরিসংখ্যান জার্সি বিক্রির নয়, অনলাইনে অনুসন্ধানের। অর্থাৎ কত মানুষ মেসির জার্সি কিনেছেন, সেই তথ্য এখানে নেই। সংখ্যাটি মূলত তার বিদায়ের পর বিশ্বজুড়ে সমর্থকদের আগ্রহ কতটা বেড়েছে, সেটির একটি চিত্র তুলে ধরছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেন মেসি। ৩-০ গোলের জয়ে পেনাল্টি থেকে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করান ৩৯ বছর বয়সী মহাতারকা।
ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উদ্যাপন, পরিবারের সদস্যদের আলিঙ্গন আর সমর্থকদের উদ্দেশে আবেগঘন বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় আর্জেন্টিনার হয়ে তার ২১ বছরের পথচলা।
মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে আগেই বিশেষ সংস্করণের জার্সি প্রকাশ করেছিল অ্যাডিডাস। আর্জেন্টিনার চিরচেনা আকাশি-সাদা জার্সিতে মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারকে সম্মান জানাতেই নেওয়া হয়েছিল এই উদ্যোগ।
২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের পর দীর্ঘ দুই দশকের বেশি সময় জাতীয় দলের হয়ে খেলেছেন মেসি। তার নেতৃত্বে ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। একই বছর জিতেছে ফিনালিসিমার শিরোপাও।
বিদায়ী ম্যাচে শেষবারের মতো আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নেমেছিলেন মেসি। এখন সেই জার্সিই সমর্থকদের কাছে হয়ে উঠেছে দীর্ঘ এক ফুটবল অধ্যায়ের স্মারক।
