logo

হামজা-শমিতকে নিয়ে অনিশ্চয়তা, রোনানকে নিয়ে স্বস্তি ডুলির

হামজা-শমিতকে নিয়ে অনিশ্চয়তা, রোনানকে নিয়ে স্বস্তি ডুলির
রোনান সুলিভান। ছবি: বাফুফে

ঘরের মাঠে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের শুরুতেই দলের দুই মূল তারকা হামজা চৌধুরী ও শমিত সোমকে না পাওয়ার শঙ্কায় বাংলাদেশ। ফিফার আন্তর্জাতিক বিরতি শুরুর আগেই ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে হবে টমাস ডুলির দলকে। সেই ম্যাচে এই দুইজনকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে; এমন পরিস্থিতিতে স্বস্তির খবর দিয়েছেন রোনান সুলিভান।

যুক্তরাষ্ট্রপ্রবাসী এই তরুণ ফরোয়ার্ড সাফে খেলতে আসার নিশ্চয়তা দিয়েছেন। ফলে টুর্নামেন্টের শুরু থেকেই তাকে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের।

আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অভিযান শুরু করবে বাংলাদেশ। কিন্তু ফিফার নির্ধারিত আন্তর্জাতিক বিরতি শুরু হবে ৯ নভেম্বর। ফলে বিদেশি ক্লাবে খেলা হামজা ও শমিতকে প্রথম ম্যাচের আগে ছাড়পত্র দেওয়ার বাধ্যবাধকতা নেই তাদের ক্লাবের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগেই জানিয়েছিল, বিদেশে খেলা অধিকাংশ ফুটবলারকে প্রথম ম্যাচে পাওয়ার সম্ভাবনা কম।

এই অনিশ্চয়তার মধ্যেই বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রোনানের সাফে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও ফুটবল নিয়ে ব্যস্ত থাকায় তার অংশগ্রহণ নিয়েও সংশয় ছিল। তবে কলেজ থেকে ছুটি পাওয়ায় সেই অনিশ্চয়তা কেটেছে।

বাফুফে ভবনে সাংবাদিকদের ফাহাদ করিম বলেন, ‘আজকেই সে আমাকে নিশ্চিত করেছে যে, সে আসতে পারবে। আমরা তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করব।’

বাফুফের এই কর্মকর্তা জানান, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত কলেজ থেকে ছুটি পেয়েছেন রোনান। ওই সময়ের মধ্যেই তাঁর বাংলাদেশে আসা ও টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যবস্থা করা হবে। ফাহাদ করিমের ভাষ্য অনুযায়ী, সাফের খেলোয়াড় নিবন্ধনের শেষ সময় ১৮ অক্টোবর। তার আগেই রোনানের নাম জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে বাফুফের।

রোনানকে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধান কোচ টমাস ডুলিও। তবে তার ভাই ডেকলান সুলিভানকে এবার পাওয়া যাবে না। ডুলি জানিয়েছেন, রোনান সাফে খেলতে আসবেন বলে নিশ্চিত হয়েছেন তারা। অন্যদিকে ডেকলানকে পরবর্তী কোনো প্রতিযোগিতায় দেখা যেতে পারে।

অবশ্য রোনানকে পাওয়া নিশ্চিত হলেও ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে তার খেলা এখনো নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ ভ্রমণের পর দলের সঙ্গে অনুশীলনের জন্য খুব বেশি সময় পাবেন না তিনি। তার শারীরিক অবস্থা ও প্রস্তুতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন কোচ ডুলি। সবকিছু ঠিক থাকলে এবারের সাফেই বাংলাদেশের সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে পারে এই তরুণ ফরোয়ার্ডের।

সাফের প্রস্তুতির জন্য আগামী ২৫ অক্টোবর অনুশীলন ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। টুর্নামেন্ট শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টাও করছে বাফুফে। তবে রোনান নভেম্বরের শুরুতে যোগ দেওয়ায় সেই ম্যাচে তাঁর অংশগ্রহণের সম্ভাবনা কম।

ভুটানের পর ১১ নভেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তত দিনে ফিফার আন্তর্জাতিক বিরতি শুরু হয়ে যাওয়ায় হামজা ও শমিতকে পাওয়ার সুযোগ বাড়বে। তবে তাদের যোগ দেওয়া এখনো ক্লাব থেকে ছাড়পত্র ও ভ্রমণসূচির ওপর নির্ভর করছে।

২০০৩ সালের পর আর সাফের শিরোপা জেতেনি বাংলাদেশ। এবার দীর্ঘ আট বছর পর ঘরের মাঠে ফিরছে প্রতিযোগিতাটি। সেই অভিযানের শুরুতে সব তারকাকে না পাওয়ার শঙ্কার মধ্যেই ডুলির আক্রমণভাগে নতুন বিকল্প হয়ে উঠতে পারেন রোনান।