logo

মেসির বিদায়ী ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

মেসির বিদায়ী ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
মেসিকে নিয়ে অনুশীলনে আর্জেন্টিনা দল। ছবি: এএফএ

আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টার ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ২০ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের শেষ ম্যাচ ঘিরে পুরো বিশ্বজুড়েই আগ্রহ। সেই আগ্রহের একটি জায়গা আগামীকাল লিওনেল স্কালোনি মেসির শেষ ম্যাচে কেমন একাদশ নামাবেন?

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের মতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে শুধু তাকেই নয়, তার দীর্ঘ আর্জেন্টিনা-যাত্রার পরিচিত কয়েকজন সতীর্থকেও শুরু থেকে মাঠে দেখা যেতে পারে। বেনিনের বিপক্ষে ম্যাচের সম্ভাব্য একাদশে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেসদের রাখার পরিকল্পনা করছেন লিওনেল স্কালোনি।

শেষ অনুশীলনে অবশ্য নির্দিষ্ট কোনো একাদশ নিয়ে কাজ করেননি স্কালোনি। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর খবর, মেসির বিদায়কে সামনে রেখে সাম্প্রতিক দুই বিশ্বকাপ চক্রের পরিচিত মুখদের নিয়েই দল সাজানোর সম্ভাবনা বেশি।

গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। ডান পাশে আগুস্তিন জিয়াইয়ের খেলার সম্ভাবনা বেশি। নাহুয়েল মোলিনা নিষিদ্ধ এবং গনসালো মন্তিয়েল দলে না থাকায় এই জায়গায় জিয়াই-ই এগিয়ে।

মাঝের দুই ডিফেন্ডারের একজন ক্রিস্তিয়ান রোমেরো। তার সঙ্গী কে হবেন, সেখানে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। টিওয়াইসি স্পোর্টস লিসান্দ্রো মার্তিনেজকে সম্ভাব্য একাদশে রাখলেও, ওলে ও ইনফোবায়ের সর্বশেষ প্রতিবেদনে নিকোলাস ওতামেন্দিকে এগিয়ে রাখা হয়েছে। মেসির মতো ওতামেন্দিরও এটি আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ হওয়ায় তাকে শুরু থেকে খেলানোর সম্ভাবনাই বেশি বলে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের ধারণা।

বাঁ পাশে নিকোলাস তাগলিয়াফিকোকে দেখা যেতে পারে। তবে তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে বিকল্প হিসেবে আছেন ফাকুন্দো মেদিনা।

মাঝমাঠে পুরোনো ত্রয়ী ফেরার সম্ভাবনাই সবচেয়ে বেশি। দি পলের সঙ্গে থাকবেন এনজো ও ম্যাক অ্যালিস্টার। আগের দুই প্রীতি ম্যাচে না খেলা দি পলকে বিশেষভাবে মেসির বিদায়ী ম্যাচের জন্য ডাকা হয়েছে। জিওভানি লো সেলসোও একইভাবে দলে ফিরেছেন, তবে সম্ভাব্য একাদশে আপাতত দি পলই এগিয়ে।

আক্রমণে মেসির দুই পাশে নয়, বরং তাকে ঘিরেই একসঙ্গে লাউতারো ও হুলিয়ানকে খেলানোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ৪-৩-৩ ছকে আক্রমণভাগ হতে পারে মেসি-লাউতারো-হুলিয়ান ত্রয়ী। টিওয়াইসি, ওলে ও ইনফোবায়ে তিন মাধ্যমই এই তিনজনকে সম্ভাব্য একাদশে রেখেছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; আগুস্তিন জিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেস।

ম্যাচটি মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে। বাংলাদেশ সময় তখন বুধবার ভোর ৫টা।