ভিনিসিয়ুস-এমবাপ্পের পাশে মরিনহো

কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি মিস করেছেন, ছন্দে নেই ভিনিসিয়ুস জুনিয়রও। সাম্প্রতিক ম্যাচগুলোতে দুই তারকাকেই শুনতে হয়েছে সমালোচনা। তবে দলের দুই বড় তারকার পাশেই দাঁড়ালেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। সমালোচকদের জবাব দিতে পর্তুগিজ কোচ টেনে আনলেন পুরোনো এক প্রবাদ, ‘ফল দেওয়া গাছেই পাথর ছোড়া হয়।’
শনিবার লা লিগায় রায়ো ভায়েকানোর মুখোমুখি হবে রিয়াল। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস ও এমবাপ্পেকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন মরিনহো।
রিয়ালের দুই ফরোয়ার্ডের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আলোচনা থাকলেও মরিনহোর চোখে তাদের চেষ্টা ও দলের প্রতি দায়বদ্ধতায় কোনো ঘাটতি নেই।
তিনি বলেন, ‘ফল দেওয়া গাছেই কেবল পাথর ছোড়া হয়। ওরা এমন খেলোয়াড়, যাদের কাছ থেকে সবাই অনেক কিছু প্রত্যাশা করে।’
ভিনিসিয়ুসকে নিয়ে সমালোচনা কিছুটা বেশি। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুর একাংশের দুয়োও শুনেছেন ব্রাজিলিয়ান তারকা। সেই ম্যাচের পরই মরিনহো জানিয়েছিলেন, ভিনিসিয়ুস এখনো নিজের সেরা ছন্দে নেই, তবে দলের জন্য তার পরিশ্রম নিয়ে কোনো প্রশ্ন নেই।
মরিনহো বলেছিলেন, ‘ভিনিসিয়ুস এখনো শতভাগ ছন্দে নেই, সেটা ও নিজেও জানে। কিন্তু দলের জন্য যতক্ষণ এভাবে কাজ করবে, সব সময় আমার সমর্থন পাবে।’
সমর্থকদের দুয়ো নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন রিয়াল কোচ। তার মতে, মাঠে যে খেলোয়াড় নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে, সে সম্মান পাওয়ার যোগ্য। রায়োর বিপক্ষে ম্যাচের আগেও একই অবস্থান ধরে রেখে তিনি জানান, নিজের খেলোয়াড়দের চেষ্টা নিয়ে তিনি সন্তুষ্ট।
এমবাপ্পের সময়টাও খুব স্বস্তির যাচ্ছে না। রিয়াল বেতিসের বিপক্ষে যোগ করা সময়ে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড। কিন্তু তার পেনাল্টি ঠেকিয়ে দেন আলভারো ভায়েস। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে মৌসুমে প্রথমবার লা লিগায় পয়েন্ট হারায় রিয়াল।
তবে সেই হতাশা কাটিয়ে চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ গোলের জয়ে গোল করেন এমবাপ্পে। এরপরও তাকে ঘিরে প্রত্যাশা ও সমালোচনা কমেনি।
মরিনহো অবশ্য বাইরের আলোচনা নিয়ে খুব একটা চিন্তিত নন। দলের ভেতরের পরিবেশ ভালো এবং খেলোয়াড়েরা একে অন্যের পাশে আছেন বলেও জানিয়েছেন তিনি।
ভিনিসিয়ুস-এমবাপ্পের ক্ষেত্রেও তাই মরিনহোর বার্তা পরিষ্কার, বড় তারকাদের নিয়ে আলোচনা থাকবে, সমালোচনাও হবে। তবে যতক্ষণ তাঁরা দলের জন্য নিজেদের উজাড় করে দিচ্ছেন, ততক্ষণ কোচের সমর্থনও তাদের সঙ্গেই থাকবে।


-521037.webp)