সিডনিতে পৌঁছেছে ঋতুপর্ণারা

এএফসি নারী এশিয়ান কাপে অংশ নিতে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার গভীর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন ঋতুপর্ণা চাকমারা। থাইল্যান্ডে কয়েক ঘণ্টার ট্রানজিট শেষে আজ অস্ট্রেলিয়া সময় রাত প্রায় ১০টার দিকে সিডনিতে অবতরণ করে দল।
সিডনি বিমানবন্দরে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা দলকে স্বাগত জানান। দীর্ঘ ভ্রমণ শেষে রাত সাড়ে বারোটার দিকে দল পৌঁছায় সিডনির ভ্যালেন্টাইন পার্কে, যেখানে প্রাথমিকভাবে নিজেদের ব্যবস্থাপনায় অনুশীলন ক্যাম্প পরিচালনা করবে তারা।
১ মার্চ আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট শুরু হলেও অংশগ্রহণকারী দলগুলোকে ২৭ ফেব্রুয়ারি থেকে নির্ধারিত টিম হোটেলে উঠতে বলা হয়েছে। তার আগে ছয় দিনের প্রস্তুতি ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নেবে বাংলাদেশ। বাফুফের তথ্য অনুযায়ী, সব খেলোয়াড় সুস্থ আছেন এবং ভ্রমণের ক্লান্তি কাটাতে বিশ্রামে রয়েছেন। আগামীকাল স্থানীয় সময় সকাল ৯টা থেকে প্রথম অনুশীলন সেশন শুরু হওয়ার কথা রয়েছে।
যদিও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে পার্থে, বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ মার্চ। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে। ৬ মার্চ দ্বিতীয় ম্যাচ শেষ করে পরদিন দুপুরে পার্থের উদ্দেশে রওনা দেবে দল।
এশিয়া মহাদেশের সর্বোচ্চ প্রতিযোগিতা হিসেবে বিবেচিত এই আসরে বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক অংশগ্রহণ। পুরুষ ফুটবল দল ১৯৮০ সালে কুয়েতে অনুষ্ঠিত এশিয়ান কাপে একবার অংশ নিয়েছিল, এরপর আর কখনও সেই মঞ্চে ফেরা হয়নি। এবার প্রথমবারের মতো নারী দল এশিয়ার শীর্ষ আসরে খেলতে যাচ্ছে, যা দেশের ফুটবলের জন্য নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।