logo

পিএসজির তাণ্ডবে চেলসির বিদায়, কোয়ার্টারে আর্সেনাল

পিএসজির তাণ্ডবে চেলসির বিদায়, কোয়ার্টারে আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় এক রাতেই দেখা গেল দুই ভিন্ন চিত্র—একদিকে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) একতরফা আধিপত্যে বিধ্বস্ত চেলসি, অন্যদিকে নিয়ন্ত্রিত পারফরম্যান্সে স্বচ্ছন্দে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল।

স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগে ৩-০ ব্যবধানে হেরে দুই লেগ মিলিয়ে ৮-২ গোলের বড় ব্যবধানে বিদায় নিয়েছে চেলসি। ম্যাচের শুরুতেই রক্ষণভুলের সুযোগ নিয়ে ৬ মিনিটে গোল করেন খভিচা কাভারাতস্কেলিয়া। এরপর ১৪ মিনিটে মইসেস কাইসেদোর ভুলে বল পেয়ে দুর্দান্ত ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা।

প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিএসজি। দ্বিতীয়ার্ধে চেলসি কিছুটা চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। বরং ৬২ মিনিটে সেনি মায়ুলুর কার্লিং শটে ব্যবধান আরও বাড়ে। দুই লেগে ৮ গোল হজম করে ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের অন্যতম বড় পরাজয়ের মুখ দেখে লন্ডনের ক্লাবটি।

অন্যদিকে, এমিরেটস স্টেডিয়ামে লেভারকুসেনকে ২-০ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী জয় পেয়েছে আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়েছে গানাররা।

৩৬ মিনিটে দুর্দান্ত হাফ-ভলিতে দলকে এগিয়ে দেন এবারেচি ইজে, যা তার চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল। এরপর ৬৩ মিনিটে ডিক্লান রাইসের নিখুঁত ফিনিশে জয় নিশ্চিত হয় আর্সেনালের।

পুরো ম্যাচে লেভারকুসেনকে নিয়ন্ত্রণে রেখে খেলেছে মিকেল আর্তেতার দল। শেষদিকে গুরুত্বপূর্ণ ম্যাচের কথা মাথায় রেখে কয়েকজন মূল খেলোয়াড়কে বিশ্রামও দেন তিনি।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল, যেখানে তাদের প্রতিপক্ষ স্পোর্টিং লিসবন। আর দাপুটে পারফরম্যান্সে পিএসজিও শেষ আটে উঠে শিরোপার দাবিদার হিসেবে নিজেদের আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত করেছে।