সাফে ভারতের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা, মুখ খুলল কর্তৃপক্ষ

বাংলাদেশে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ভারতের নাম প্রত্যাহারের খবর ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে সেই খবর ভিত্তিহীন বলে দাবি করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। সংস্থাটির ভাষ্য, আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহারের কোনো আনুষ্ঠানিক বার্তা ভারতের ফুটবল ফেডারেশনের কাছ থেকে পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে নিজেদের অবস্থান জানিয়েছে সাফ। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, বাংলাদেশে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে না ভারত।
বিবৃতিতে সাফ জানিয়েছে, ‘ভারতের নাম প্রত্যাহার নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল। আমরা নিশ্চিত করছি, প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ বহাল রয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কাছ থেকে নাম প্রত্যাহারসংক্রান্ত কোনো বার্তা সাফ পায়নি।’
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছয়টি দলের। ভারতকে নিয়ে অনিশ্চয়তার খবর সামনে আসার পর টুর্নামেন্টের আয়োজন নিয়েও প্রশ্ন উঠেছে।
ভারতের অংশগ্রহণ নিয়ে সংশয়ের পেছনে রয়েছে দেশটির আন্তর্জাতিক ম্যাচের সূচি। নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ভারতের। একই সময়ে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ায় খেলোয়াড় পাওয়া এবং কোন দল পাঠানো হবে, তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
তবে পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে সাফ। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে। প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।’
পাশাপাশি সদস্য দেশগুলোর ফুটবল ফেডারেশন, অংশীদার প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম ও সমর্থকদের আশ্বস্ত করেছে সাফ। সংস্থাটির দাবি, আগেই ঘোষণা করা ছয় দলকে নিয়েই নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে।
একই সঙ্গে প্রতিযোগিতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে সাফ। যেকোনো তথ্যের জন্য সংস্থাটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করতে বলেছে তারা।
এবারের আসরে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। স্বাগতিকদের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান ও মালদ্বীপ। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরুর কথা।
