মেসির বিদায়ের আগে আর্জেন্টিনার ৭ গোলের উৎসব

লিওনেল মেসি ছিলেন না তবে তাতে আর্জেন্টিনার গোলের ক্ষুধায় কোনো কমতি পড়েনি। ম্যাচের প্রথম ১২ মিনিটেই তিন গোল, বিরতির আগেই পাঁচ। শেষ পর্যন্ত বুরকিনা ফাসোকে ৭–০ গোলে উড়িয়ে দিয়ে মেসির বিদায়ী ম্যাচের আগে বড় জয় তুলে নিয়েছে লিওনেল স্কালোনির দল।
বাংলাদেশ সময় রোববার সকালে বুয়েনস এইরেসের মনুমেন্তালে শুরু থেকেই একতরফা ছিল ম্যাচ। দীর্ঘ ভ্রমণ জটিলতার পর ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে আর্জেন্টিনায় পৌঁছানো বুরকিনা ফাসো মূলত অনূর্ধ্ব-২৩ দল নিয়ে মাঠে নামে। সেই দলকে কোনো সুযোগই দেয়নি বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। আগুস্তিন জিয়াইকে ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকেরা। লাউতারো মার্তিনেজ এর নেওয়া প্রথম শট ঠেকিয়ে দেন গোলরক্ষক, তবে ফিরতি বল জালে পাঠাতে ভুল করেননি ইন্টার মিলানের ফরোয়ার্ড।
এই গোলেই আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সের্হিও আগুয়েরোর ৪২ গোলের পাশে উঠে আসেন লাউতারো।
চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ। হুলিয়ান আলভারেসের একটি প্রচেষ্টা ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান বুরকিনা ফাসোর মৌমুনি দিয়ালো।
১২ মিনিটে স্কোর হয়ে যায় ৩-০। এবার লাউতারোর সঙ্গে দারুণ বোঝাপড়ার পর প্রথম ছোঁয়াতেই জোরালো শটে গোল করেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল।
প্রথম তিন গোলের পরও আর্জেন্টিনার আক্রমণ থামেনি।
৩৫ মিনিটে নিকো পাজ নিজের প্রথম প্রচেষ্টার ফিরতি বল জালে পাঠিয়ে করেন চতুর্থ গোল। মাত্র এক মিনিট পর আবারও বুরকিনা ফাসোর জালে বল। এবার প্রেস্তিয়ান্নির পাস থেকে গোল করেন হুলিয়ান আলভারেজ।
বিরতিতে আর্জেন্টিনা এগিয়ে ছিল ৫-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে কিছু পরিবর্তন আনেন স্কালোনি। তবে ম্যাচের চিত্র বদলায়নি।
৫৭ মিনিটে ব্যবধান ৬-০ করেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। লাউতারোর পাস থেকে গোলরক্ষকের সামনে সুযোগ পেয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি। জাতীয় দলের হয়ে এটিও মাস্তান্তুয়োনোর প্রথম গোল।
এরপর ম্যাচের গতি কিছুটা কমে আসে। আর্জেন্টিনাও একের পর এক পরিবর্তন এনে নতুনদের সুযোগ দেয়।
৭০ মিনিটের আগেই লাউতারো, এনজো ফার্নান্দেজসহ কয়েকজনকে তুলে নেন স্কালোনি। মাঠে আসেন জিউলিয়ানো সিমিওনে, সান্তিয়াগো কাস্ত্রো, এক্সেকিয়েল পালাসিওস ও ভালেন্তিন বারকোর মতো ফুটবলাররা।
সপ্তম গোলটির জন্য অপেক্ষা করতে হয় যোগ করা সময় পর্যন্ত।
৯০+৩ মিনিটে বারকোর ক্রস থেকে হেডে গোল করেন জিউলিয়ানো সিমিওনে। তার গোলেই ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।
এই ম্যাচেও খেলেননি মেসি। বলিভিয়ার বিপক্ষে আগের প্রীতি ম্যাচেও তাকে বিশ্রামে রেখেছিল আর্জেন্টিনা। তার জন্য রাখা হয়েছে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটি।
মনুমেন্তালে সেই ম্যাচেই আর্জেন্টিনার জার্সিতে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার কথা মেসির।
