ঈদের ত্যাগ, জয়ে ফেরাতে চান মোরসালিন

ঈদুল ফিতর সামনে রেখে দেশের মানুষ যখন ঘরমুখো, তখন জাতীয় দলের ফুটবলাররা ব্যস্ত প্রস্তুতিতে। ভিয়েতনামের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।
৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে দল।
ঈদের সময় পরিবার থেকে দূরে থাকার কষ্ট থাকলেও সেটিকে জয়ের আনন্দে রাঙাতে চান মিডফিল্ডার শেখ মোরসালিন। অনুশীলনের আগে তিনি বলেন, 'আমরা আসলে ত্যাগ করছি। পরিবারের সঙ্গে কেউ ঈদ করতে পারছি না। তাই আমাদের চেষ্টা থাকবে আসন্ন দুটি ম্যাচে ভালো ফল এনে দেশের মানুষকে আনন্দ দেওয়া।'
গত নভেম্বরে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে একমাত্র গোলটি করেছিলেন মোরসালিন। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই প্রাধান্য দেন তিনি। তার ভাষায়, ‘আমার প্রথম লক্ষ্য থাকে দলকে জেতানো। এরপর সুযোগ এলে অবশ্যই গোল করার চেষ্টা করি। কিন্তু সবার আগে দল।’
আসন্ন দুটি ম্যাচকে ঘিরে দলে আত্মবিশ্বাস রয়েছে বলেও জানান এই মিডফিল্ডার। সমর্থকদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে জয়ই এখন একমাত্র লক্ষ্য বাংলাদেশের।