logo

এমবাপ্পে-চেরকিদের নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা ফ্রান্সের

এমবাপ্পে-চেরকিদের নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা ফ্রান্সের
ফ্রান্স ফুটবল দল। ছবি: সংগৃহীত

২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হারের ক্ষত এখনো ফ্রান্সের ফুটবল স্মৃতিতে তাজা। চার বছর পর আবার সেই বিশ্বমঞ্চে ফিরছে দিদিয়ের দেশমের দল, এবার লক্ষ্য তৃতীয় বিশ্বকাপ। সেই অভিযানের জন্য তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স, যেখানে আক্রমণভাগেই আছে চোখ ধাঁধানো নামের ছড়াছড়ি।

বৃহস্পতিবার ঘোষিত দলে আছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার সঙ্গে আক্রমণে জায়গা পেয়েছেন উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, ডিজায়ার দুয়ে, মাগনেস আকলিওশ, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, জঁ-ফিলিপ মাতেতা ও মার্কুস থুরাম। এই আক্রমণভাগ নিয়েই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিশ্বকাপে নামবে ফ্রান্স।

গ্রুপ ‘আই’-তে ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল, ইরাক ও নরওয়ে। ১৬ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৯৯৮ ও ২০১৮ সালের চ্যাম্পিয়নরা।

স্কোয়াডে সবচেয়ে বড় চমক এদুয়ার্দো কামাভিঙ্গার বাদ পড়া। মার্চের প্রীতি ম্যাচের দলে থাকলেও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের। ক্লাব মৌসুমে ছন্দহীনতা, রিয়ালে জায়গা হারানো এবং চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ভুল সব মিলিয়ে দেশম তাকে দলে রাখেননি।

আরেক বড় বাদ রঁদাল কোলো মুয়ানি। ২০২২ বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ে যার শট বাঁচিয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ, সেই ফরোয়ার্ড এবার নেই ফ্রান্সের দলে। টটেনহামে ধারে খেলা কোলো মুয়ানির জায়গা হয়নি আক্রমণের তীব্র প্রতিযোগিতায়। লিগ ওয়ানে ১৯ গোল করা রেনের স্ট্রাইকার এস্তেবান লেপলও বাদ পড়েছেন।

চমক হিসেবে জায়গা পেয়েছেন ক্রিস্টাল প্যালেসের জঁ-ফিলিপ মাতেতা। গত অক্টোবরে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। মার্চের দলে ছিলেন না চোটের কারণে। জানুয়ারিতে এসি মিলানে সম্ভাব্য যাওয়াও ভেস্তে যায় সেই চোটের কারণে। তবে এপ্রিলের শেষে নিউক্যাসলের বিপক্ষে জোড়া গোল করে আবার ছন্দে ফেরেন মাতেতা। প্যালেসকে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

মাতেতার সঙ্গে দলে আছেন তাঁর ক্লাব সতীর্থ ম্যাক্সেন্স লাক্রোয়া। মার্চে প্রথমবার ডাক পাওয়ার পর এবার বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন এই ডিফেন্ডার। গোলকিপিং বিভাগেও আছে নতুন মুখ। লঁসের রবিন রিসার ক্লাব ফর্মের পুরস্কার পেয়েছেন। মাইক মাইনিয়াঁ ও ব্রিস সাম্বার পেছনে তৃতীয় গোলকিপার হিসেবে নেওয়া হয়েছে তাঁকে।

চোটের কারণে বিশ্বকাপ মিস করবেন লিভারপুলের হুগো একিতিকে। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় তাঁকে দলে রাখা যায়নি। দেশম আগেই এটিকে একিতিকে ও ফ্রান্স দলের জন্য বড় ধাক্কা বলেছিলেন।

দেশমের সামনে সবচেয়ে বড় প্রশ্ন এখন একাদশ বাছাই। আক্রমণে এত বিকল্প যে ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত মৌসুম কাটানো রায়ান চেরকিকেও বেঞ্চে বসতে হতে পারে। রক্ষণেও একই অবস্থা—দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে ও লাক্রোয়ার মধ্যে দুজনকে বেছে নিতে হবে।

এদিকে ২০২৪ ইউরোয় ফ্রান্স সেমিফাইনালে উঠলেও তাদের খেলার ধরন নিয়ে সমালোচনা হয়েছিল। ছয় ম্যাচে মাত্র চার গোল করেছিল দেশমের দল। পরে নেশনস লিগ ও বিশ্বকাপ বাছাইয়ে কিছু পরিবর্তন আনেন দেশম, যেখানে নম্বর টেন ভূমিকায় মাইকেল ওলিসে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। মার্চে যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ৩-১ ও ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসও বাড়িয়েছে ফ্রান্স।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ফ্রান্স। ৪ জুন নঁতের স্টাদ দে লা বোজোয়ারে আইভরি কোস্টের বিপক্ষে খেলবে তারা। এরপর ৮ জুন লিলের স্টাদ পিয়েরে-মরোয়ায় উত্তর আয়ারল্যান্ডের মুখোমুখি হবে দেশমের দল।

ফ্রান্সের ২৬ সদস্যের বিশ্বকাপ দল

গোলকিপার:

মাইক মাইনিয়াঁ, রবিন রিসার, ব্রিস সাম্বা।

ডিফেন্ডার:

মালো গুস্তো, ম্যাক্সেন্স লাক্রোয়া, জুল কুন্দে, লুকা দিনিয়ে, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা, দায়ো উপামেকানো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ।

মিডফিল্ডার:

অরেলিয়েঁ চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও, এনগোলো কান্তে, মানু কোনে, ওয়ারেন জায়ার-এমেরি।

ফরোয়ার্ড:

উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, জঁ-ফিলিপ মাতেতা, রায়ান চেরকি, মার্কুস থুরাম, মাগনেস আকলিওশ, ডিজায়ার দুয়ে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে।