logo

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে আপত্তি ইরানের, ম্যাচ সরাতে ফিফার সঙ্গে আলোচনা

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে আপত্তি ইরানের, ম্যাচ সরাতে ফিফার সঙ্গে আলোচনা

নিরাপত্তা উদ্বেগের কারণে ২০২৬ বিশ্বকাপে নিজেদের ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলতে চাইছে না ইরান। গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে সরানোর বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা করছে দেশটির ফুটবল ফেডারেশন।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ সোমবার এক বিবৃতিতে জানান, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেই এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরান দলের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হতে পারে বলে মন্তব্য করার পর বিষয়টি নতুন মাত্রা পায়।

‘নিরাপত্তা নিশ্চিত না হলে আমরা যুক্তরাষ্ট্রে যাব না। আমাদের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের বিষয়ে ফিফার সঙ্গে কথা চলছে,’ বলেন তাজ।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ইরানের দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে হওয়ার কথা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সূচি অনিশ্চিত হয়ে পড়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর ইরানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ে। দেশটির ক্রীড়ামন্ত্রী আগেই ইঙ্গিত দিয়েছিলেন, এই অবস্থায় বিশ্বকাপে অংশ নেওয়া কঠিন হতে পারে।

যদিও এখন পর্যন্ত ইরান আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কোনো সিদ্ধান্ত জানায়নি, তবু ম্যাচ ভেন্যু পরিবর্তনের এই উদ্যোগ পরিস্থিতির গুরুত্বই তুলে ধরছে।

ফিফার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। 

সূত্র: রয়টার্স