‘কাউকে ভয় পেতে আসিনি’, আসিয়ান কাপের আগে আত্মবিশ্বাসী হামজা

প্রতিপক্ষরা ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু দেখছেন না লাল সবুজদের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফিফা আসিয়ান কাপে খেলে যত বেশি সম্ভব পয়েন্ট তুলে নেওয়ার কথা জানালেন এই তারকা ফুটবলার। একই সঙ্গে বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ কাজে লাগিয়ে দেশকে গর্বিত করতে চান শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।
শুক্রবার মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। জাকার্তায় ম্যাচের আগে হামজা বলেন, “আমরা খুবই রোমাঞ্চিত এবং এই টুর্নামেন্টে থাকতে পেরে সম্মানিত। আমাদের জন্য এটা বড় সুযোগ, কারণ আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলতে পারছি।” বাংলাদেশ একই গ্রুপে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে খেলবে।
বাংলাদেশ কী লক্ষ্য নিয়ে এসেছে, সেটিও পরিষ্কার করেছেন হামজা। তার কথায়, “আমাদের নিজেদের মধ্যে লক্ষ্য যত বেশি সম্ভব পয়েন্ট নেওয়া। আমরা কাউকে ভয় পেতে এখানে আসিনি। আমরা জানি, আমরা কী করতে সক্ষম।”
তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই টুর্নামেন্টকে শেখার সুযোগ হিসেবেও দেখছেন তিনি। হামজা বলেন, “ইনশাআল্লাহ, এটা আমাদের জন্য শেখার একটা ধাপ। যত বেশি সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে চাই এবং আশা করি দেশকে গর্বিত করতে পারব।”
ইন্দোনেশিয়ায় প্রথমবার খেলতে গিয়ে এখন পর্যন্ত পাওয়া অভিজ্ঞতাতেও সন্তুষ্ট হামজা। সেখানকার মানুষ, ফুটবলের পরিবেশ ও অনুশীলন সুবিধার প্রশংসা করেছেন তিনি। “ঠিক যেমনটা আশা করেছিলাম। মানুষ খুব বন্ধুসুলভ ও আন্তরিক। এখানে ফুটবল অনেক বড় ব্যাপার এবং সুযোগ-সুবিধাও খুব ভালো।”
স্বাগতিক ইন্দোনেশিয়াকে নিয়েও উঁচু ধারণা হামজার। দলটির মান ও কোচিংয়ের প্রশংসা করে তিনি বলেন, “তারা র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে আছে। দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় এবং খুব ভালো একজন প্রধান কোচ আছে। পরের বিশ্বকাপ বাছাইয়ে তারা বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে না থাকলে আমি অবাক হব।”
ইন্দোনেশিয়ার ডিফেন্ডার এলকান ব্যাগটের সঙ্গেও এই টুর্নামেন্টে মুখোমুখি হবেন হামজা। ইংল্যান্ডের ক্লাব ফুটবলেও তাদের দেখা হওয়ার কথা। ব্যাগটকে নিয়ে হামজা বলেন, “বিমানে তার সঙ্গে দেখা হয়েছে। সে খুব ভালো খেলোয়াড়, এখনো অনেক তরুণ। এই টুর্নামেন্টে তার বিপক্ষে খেলতে মুখিয়ে আছি, লিগেও।”
বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে হামজারা।
