২৪ মিনিটে ৪ গোল খেয়ে লিভারপুলের হার

প্রথমার্ধ শেষে দুই গোলের লিড। তখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরের শেষ ম্যাচটি সহজ জয়েই শেষ করার পথে ছিল লিভারপুল। বিরতির পর মাত্র ২৪ মিনিটের মধ্যে পাল্টে গেল দৃশ্যপট। চার গোল করে লিভারপুলকে ৪-২ ব্যবধানে হারিয়ে দিল লিডস ইউনাইটেড।
শিকাগোর সোলজার ফিল্ডে প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচের এই হারের মধ্যেই অবশ্য কিছুটা স্বস্তির খবর পেয়েছে লিভারপুল। দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে চাওয়া জেরেমি ফ্রিম্পং গুরুতর চোটে পড়েননি বলে জানিয়েছেন কোচ আন্দোনি ইরাওলা।
ম্যাচের সপ্তম মিনিটেই লুক চেম্বার্সের গোলে এগিয়ে যায় লিভারপুল। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভির্টজ। ডান প্রান্ত থেকে ফ্রিম্পংয়ের বাড়ানো বলে কাছ থেকে লক্ষ্যভেদ করেন জার্মান মিডফিল্ডার।
প্রথমার্ধে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল লিভারপুল। ভির্টজ, ফ্রিম্পং ও আলেকজান্ডার ইসাকের সমন্বয়ে আক্রমণেও বেশ কয়েকবার বিপজ্জনক হয়ে উঠেছিল তারা। তবে বিরতির পর একসঙ্গে বেশ কয়েকজন খেলোয়াড় বদল করেন ইরাওলা। তাতেই হারিয়ে যায় দলের ছন্দ।
৬০ মিনিটে ব্রেন্ডেন অ্যারনসনের গোলে ব্যবধান কমায় লিডস। এরপর আট মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে এগিয়ে যায় তারা। ৭১ মিনিটে ডমিনিক কালভার্ট-লুইন সমতা ফেরানোর দুই মিনিট পর লক্ষ্যভেদ করেন শন লংস্টাফ।
লিভারপুল ম্যাচে ফেরার চেষ্টা করলেও উল্টো ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কালভার্ট-লুইন। তাতে দ্বিতীয়ার্ধে চার গোল করে দুর্দান্ত প্রত্যাবর্তনের জয় নিশ্চিত করে লিডস।
লিভারপুলের উদ্বেগ বেড়েছিল ম্যাচের মাঝপথে ফ্রিম্পং নিজেই বদলি হওয়ার অনুরোধ করায়। তবে ম্যাচ শেষে বিষয়টিকে চোট নয়, অতিরিক্ত চাপের ফল বলে জানিয়েছেন ইরাওলা।
লিভারপুল কোচ বলেন, ‘জেরেমি নিজেই বদলি হতে চেয়েছিল। তবে আমার মনে হয় না এটি কোনো চোট। অতিরিক্ত চাপ অনুভব করায় সে মাঠ ছাড়তে চেয়েছে। আশা করছি, আমরা নতুন করে কাউকে হারাইনি।’
নতুন মৌসুম শুরুর আগে বেশ কয়েকজন খেলোয়াড়ের চোট নিয়ে এমনিতেই সমস্যায় রয়েছে লিভারপুল। পেশির চোটে প্রিমিয়ার লিগের শুরুতে জো গোমেজের খেলা অনিশ্চিত। কনর ব্র্যাডলি, হুগো একিতিকে ও জিওভান্নি লিওনিও এখনো পুনর্বাসনের মধ্যে রয়েছেন। এই অবস্থায় ফ্রিম্পংয়ের গুরুতর কিছু না হওয়া ইরাওলার জন্য স্বস্তির খবর।
ফল হতাশাজনক হলেও ম্যাচটি থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়ার কথা জানিয়েছেন লিভারপুল কোচ। ইরাওলা বলেন, ‘এটি অবশ্যই আমাদের চাওয়া ফল নয়। তবে সম্ভবত প্রস্তুতি পর্বে এটিই সবচেয়ে কার্যকর ম্যাচ ছিল। প্রথমার্ধে ইতিবাচক এবং দ্বিতীয়ার্ধে নেতিবাচক অনেক কিছু দেখেছি। এখান থেকে শিক্ষা নিয়ে সমস্যাগুলোর সমাধান করতে পারব।’
লিডসের বিপক্ষে হারের মধ্য দিয়ে লিভারপুলের তিন ম্যাচের যুক্তরাষ্ট্র সফর শেষ হয়েছে। আগামী ২৩ আগস্ট নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ম্যাচ দিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করবে তারা।
.png)

