শেষ ম্যাচেও মেসির জাদু, গোল-অ্যাসিস্টে আর্জেন্টিনার জয়
-520d6f-720x405.webp)
প্রথমার্ধ পেরিয়ে গেল গোল ছাড়াই। মনুমেন্তালে তখন অপেক্ষা, শেষ ম্যাচে লিওনেল মেসির কাছ থেকে বিশেষ কিছু দেখা যাবে তো? বিরতির পর সেই অপেক্ষার উত্তর দিলেন আর্জেন্টিনা অধিনায়ক। প্রথম দুই গোল বানিয়ে দিলেন, এরপর পেনাল্টি থেকে নিজেই করলেন গোল।
বুধবার (৭ অক্টোবর) মেসির বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের মনুমেন্তালে আর্জেন্টিনার অন্য দুই গোল করেন নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজ।
বিদায়ের আবহ অবশ্য ম্যাচ শুরুর অনেক আগে থেকেই ঘিরে রেখেছিল মেসিকে। জাতীয় সংগীতের সময় আবেগ ধরে রাখতে পারেননি তিনি। ম্যাচের ১০ম মিনিটে তার ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানিয়ে এক মিনিটের জন্য থামানো হয় খেলা। উঠে দাঁড়িয়ে মেসিকে অভিবাদন জানান গ্যালারির দর্শকেরা। বেনিনের কয়েকজন ফুটবলারও এগিয়ে যান তার কাছে।
এরপর শুরু হয় গোলের খোঁজ।
সপ্তম মিনিটে বক্সের বাইরে থেকে মেসির বাঁ পায়ের শট সামলে নেন বেনিন গোলরক্ষক মার্সেল দানজিনু। ২৪ মিনিটে রদ্রিগো দে পলের নিচু ক্রসে খুব কাছ থেকে বল জালে পাঠানোর সুযোগ পেয়েছিলেন মেসি, তবে তাঁর প্রচেষ্টা অল্পের জন্য বাইরে যায়।
দুই মিনিট পর ফ্রি-কিক থেকেও গোলের চেষ্টা করেন তিনি। সেটিও ঠেকিয়ে দেন দানজিনু। ৩২ মিনিটে লাউতারো মার্তিনেজের ক্রসে মেসির ভলি চলে যায় দূরের পোস্টের বাইরে।
তবে বেনিনও সুযোগ পেলেই অ্যাটাকে উঠেছে। ১৯ মিনিটে জুনিয়র ওলাইতান আর্জেন্টিনার রক্ষণ ভেঙে সুযোগ তৈরি করেছিলেন, যদিও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের শেষ দিকেও আফ্রিকান দলটি কয়েকবার আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরীক্ষা নেয়। এভাবেই গোল শূন্য ভাবে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
তবে বিরতির পর মাত্র তিন মিনিট অপেক্ষা করতে হয় আর্জেন্টিনাকে।
৪৮ মিনিটে মেসির কর্নার থেকে ভলিতে জাল খুঁজে নেন ওতামেন্দি। নিজের বিদায়ী ম্যাচ খেলতে নামা অভিজ্ঞ ডিফেন্ডার কিছুক্ষণ পর মাঠ ছাড়েন দর্শকদের অভিবাদনের মধ্যে।
৬১ মিনিটে দ্বিতীয় গোলেও মেসির অবদান। তার পাস থেকে বক্সের প্রান্তে বল পেয়ে বাঁকানো শটে দূরের কোণ খুঁজে নেন বদলি হিসেবে নামা নিকো পাজ।
তবে তখনো মেসির নিজের গোলটি বাকি।
৬৯ মিনিটে বক্সের মধ্যে ফাউলের পর পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক নিতে এগিয়ে আসেন মেসি। ৭১ মিনিটে তাঁর বাঁ পায়ের শট জড়িয়ে যায় জালে। বিদায়ী ম্যাচে নিজের নামটাও স্কোরশিটে তুলে ফেলেন আর্জেন্টিনা অধিনায়ক।
২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে অভিষেক দিয়ে শুরু হয়েছিল সিনিয়র জাতীয় দলের যাত্রা। এরপর দুই দশকের বেশি সময়ে আর্জেন্টিনার হয়ে জিতেছেন ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ। বেনিনের বিপক্ষে ২০৮তম ম্যাচ দিয়েই শেষ হলো সেই আন্তর্জাতিক অধ্যায়।
