চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতল ম্যানসিটি

ওয়েম্বলিতে ইংলিশ ফুটবলের সবচেয়ে পুরোনো প্রতিযোগিতা এফএ কাপের ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটিেয়। ম্যানচেস্টার সিটির হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন আন্তোয়ান সেমেনিও। ৭২ মিনিটে তার দৃষ্টিনন্দন ব্যাকহিল গোলেই এফএ কাপ জিতেছে পেপ গার্দিওলার দল।
আর্লিং হলান্ডের ক্রস থেকে বল পেয়ে দ্রুত ঘুরে দাঁড়িয়ে ব্যাকহিলে চেলসি গোলকিপার রবার্ট সানচেজকে পরাস্ত করেন সেমেনিও। জানুয়ারিতে বোর্নমাউথ থেকে সিটিতে যোগ দেওয়া ঘানার এই ফরোয়ার্ডের গোলই শেষ পর্যন্ত ফাইনালের ব্যবধান গড়ে দেয়।
এই জয়ে নিজেদের ইতিহাসে অষ্টমবার এফএ কাপ জিতল ম্যানচেস্টার সিটি। মার্চে লিগ কাপ জয়ের পর এফএ কাপও জিতে ইংলিশ ঘরোয়া কাপ ডাবল পূর্ণ করল গার্দিওলার দল। সব প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে থাকা সিটির সামনে এখনো প্রিমিয়ার লিগে ছোট্ট আশা আছে। শেষ দুই ম্যাচ বাকি থাকতে তারা শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে।
গোলের আগে অবশ্য ম্যাচে দুই দলই খুব বেশি ঝুঁকি নেয়নি। চেলসির হয়ে এনজো ফার্নান্দেজ, জোয়াও পেদ্রো ও লিয়াম ডেলাপ সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি। সিটির পক্ষে দ্বিতীয়ার্ধে সেমেনিওর গোলের পর ম্যাচে গতি আসে। রায়ান চেরকির শট দারুণভাবে ঠেকান সানচেজ, আর মাতেউস নুনেসের প্রচেষ্টা লাগে পোস্টে।
সিটির অধিনায়ক বের্নার্দো সিলভার জন্য জয়টি ছিল আবেগেরও। মৌসুম শেষে ক্লাব ছাড়তে যাওয়া পর্তুগিজ মিডফিল্ডার এফএ কাপ ট্রফি গ্রহণ করেন প্রিন্স উইলিয়ামের কাছ থেকে। পরে জন স্টোনসকে সঙ্গে নিয়ে ট্রফি উঁচিয়ে ধরেন তিনি। স্টোনসও মৌসুম শেষে সিটি ছাড়ছেন।
চেলসির জন্য এই হার আরও একবার ফাইনাল-দুঃস্বপ্ন হয়ে থাকল। ঘরোয়া কাপ ফাইনালে এটি তাদের টানা সপ্তম হার, যার মধ্যে এফএ কাপ ফাইনালেই চতুর্থ। অস্থির মৌসুমে দুই দফা কোচ বদলের পর এফএ কাপ ফাইনালকে কিছুটা স্বস্তির সুযোগ হিসেবে দেখছিল লন্ডনের ক্লাবটি। কিন্তু ওয়েম্বলিতেও শেষ হাসি হাসতে পারেনি তারা।
প্রিমিয়ার লিগে নবম স্থানে থাকা চেলসির ইউরোপিয়ান ফুটবলে ফেরার সম্ভাবনাও এখন ক্ষীণ। অন্তর্বর্তী কোচ কালাম ম্যাকফারলেনের অধীনে মৌসুম শেষ করছে দলটি। এর আগে বরখাস্ত হন লিয়াম রোজেনিয়র, যিনি এনজো মারেস্কার বিদায়ের পর দায়িত্ব নিয়েও চার মাসের কম সময় টিকেছিলেন।থাকবে।
