ক্যারিককেই স্থায়ী কোচ করল ম্যানচেস্টার ইউনাইটেড

অন্তর্বর্তী দায়িত্বে এসে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে বদলে দিয়েছিলেন মাইকেল ক্যারিক। এবার সেই কাজের পুরস্কার পেলেন সাবেক ইউনাইটেড মিডফিল্ডার। দুই বছরের চুক্তিতে তাকে স্থায়ী প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রেড ডেভিলরা। মৌসুমের শেষ ম্যাচে ব্রাইটনের মুখোমুখি হওয়ার আগে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে ক্লাবটি।
গত জানুয়ারিতে রুবেন আমোরিমের জায়গায় মৌসুম শেষ পর্যন্ত অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ক্যারিক। এরপর ১৬ ম্যাচে ইউনাইটেড জিতেছে ১১টি। তার অধীনে দল পেয়েছে ৩৬ পয়েন্ট, নিশ্চিত করেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ফেরা। শুধু ফল নয়, বড় ম্যাচেও প্রভাব দেখিয়েছেন ক্যারিক। তার অধীনে ইউনাইটেড হারিয়েছে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লিভারপুল ও চেলসিকে।
ইউনাইটেডের জন্য সিদ্ধান্তটি একেবারে হঠাৎ নয়। স্থায়ী কোচ নিয়োগের আগে বোর্নমাউথের আন্দোনি ইরাওলা ও অ্যাস্টন ভিলার উনাই এমেরির মতো বিকল্পও বিবেচনায় ছিল। তবে নির্বাহী কমিটির বৈঠকের পর সহমালিক স্যার জিম র্যাটক্লিফ সবুজ সংকেত দেন। প্রধান নির্বাহী ওমর বেরাদা ও ফুটবল পরিচালক জেসন উইলকক্সও ক্যারিককে পূর্ণ মেয়াদে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেন।
নিয়োগের পর ক্যারিক বলেছেন, ২০ বছর আগে ইউনাইটেডে আসার সময় থেকেই তিনি ক্লাবটির বিশেষত্ব অনুভব করেছিলেন। এখন সেই ক্লাবকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তার জন্য গর্বের। গত পাঁচ মাসে খেলোয়াড়েরা স্থিতিস্থাপকতা, ঐক্য ও দৃঢ়তার যে মান দেখিয়েছেন, সেটিই সামনে এগিয়ে নেওয়ার কথা বলেছেন তিনি।
It's Carrick, you know ❤️
— Manchester United (@ManUtd) May 22, 2026
🇾🇪 We are delighted to announce Michael Carrick will continue as our head coach, having signed a new contract.
ইউনাইটেডের ফুটবল পরিচালক জেসন উইলকক্সও ক্যারিকের কাজের প্রশংসা করেছেন। তার মতে, ক্যারিক শুধু মাঠের ফল দিয়েই নয়, ক্লাবের মূল্যবোধ, ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজের ধরন দিয়েও এই সুযোগ অর্জন করেছেন। ইউনাইটেডকে চ্যাম্পিয়নস লিগে ফেরানোকে ছোট করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
খেলোয়াড় হিসেবে ইউনাইটেডে ক্যারিকের পরিচয় অনেক বড়। ১২ বছরে ক্লাবটির হয়ে ৪৬৪ ম্যাচ খেলেছেন, জিতেছেন পাঁচটি প্রিমিয়ার লিগ শিরোপা। ২০২১ সালে ওলে গানার সলশারের বিদায়ের পরও অস্থায়ীভাবে ইউনাইটেডের ডাগআউট সামলেছিলেন তিনি। সেবার তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্র পেয়েছিল দল।
ইউনাইটেড ছাড়ার পর আড়াই বছরের বেশি সময় মিডলসব্রোর দায়িত্বে ছিলেন ক্যারিক। তার দায়িত্ব নেওয়ার সময় দলটি ছিল ২১তম স্থানে। সেখান থেকে দলকে চতুর্থ স্থানে তুলে প্লে-অফে নিয়েছিলেন তিনি। যদিও সেমিফাইনালে কভেন্ট্রি সিটির কাছে হেরে যায় মিডলসব্রো।
ক্যারিককে স্থায়ী কোচ করার সিদ্ধান্তে ইউনাইটেড স্কোয়াডের ভেতর থেকেও সমর্থন ছিল। কোবি মাইনু, ম্যাথিউস কুনিয়া ও কাসেমিরোর মতো খেলোয়াড়েরা প্রকাশ্যেই তাকে সমর্থন করেছিলেন। ব্রাইটনের বিপক্ষে শেষ ম্যাচের আগেই ইউনাইটেডের লিগে তৃতীয় হওয়া নিশ্চিত।
এখন প্রশ্ন, ইউনাইটেডকে স্থিতিশীল করার পর ক্যারিক কি তাদের শিরোপা লড়াইয়ে ফেরাতে পারবেন? আপাতত ক্লাবের আস্থা তার ওপরই। অন্তর্বর্তী দায়িত্বে ঝড় সামলানো ক্যারিকের সামনে এবার বড় পরীক্ষা, ম্যানচেস্টার ইউনাইটেডকে আবার বড় ট্রফির দাবিদার বানানো।
