ঢাকায় সাফের উদ্বোধনী দিনেই ভারত-পাকিস্তান লড়াই

ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের শুরুতেই ভারত-পাকিস্তান লড়াই। দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে মুখোমুখি রেখে ২০২৬ সালের সাফ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৫ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ।
একই দিন মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশও। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। গ্রুপ পর্বে লাল-সবুজদের অন্য ম্যাচটি ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে।
এবারের আসরে খেলবে ছয়টি দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও মালদ্বীপ খেলবে ‘বি’ গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি করে দল উঠবে সেমিফাইনালে।
ফিফার নিষেধাজ্ঞা থাকায় প্রকাশিত সূচিতে রাখা হয়নি নেপালকে। তবে সময়মতো নিষেধাজ্ঞা উঠে গেলে নেপালকে অন্তর্ভুক্ত করে নতুন সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছে সাফ।
গ্রুপ পর্বে মোট তিনটি ম্যাচডে রাখা হয়েছে, প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। শিরোপা নির্ধারণী ফাইনাল ১৭ নভেম্বর। আসরের সব ম্যাচই হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে সফল দল ভারত এখন পর্যন্ত নয়বার সাফের শিরোপা জিতেছে। ২০২৩ সালে সর্বশেষ আসরের ফাইনালে কুয়েতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ভারত ও পাকিস্তানের সর্বশেষ সাফ-দেখাও হয়েছিল ওই আসরে, যেখানে ভারত জিতেছিল ৪-০ গোলে।
আট বছর পর আবার বাংলাদেশে বসছে ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালে প্রতিযোগিতাটির আয়োজক হয়েছিল বাংলাদেশ। ২০০৩ সালেই নিজেদের একমাত্র সাফ শিরোপা জিতেছিল লাল-সবুজেরা।


