আসিয়ান কাপে কবে কার বিপক্ষে খেলবে বাংলাদেশ

ভারত সরে দাঁড়ানোয় বাংলাদেশের সামনে খুলেছিল ফিফা আসিয়ান কাপে খেলার দুয়ার। এবার সেই নতুন মঞ্চে নামার অপেক্ষা। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে তিন ম্যাচে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে লাল-সবুজের অভিযান শুরু হবে মালয়েশিয়াকে দিয়ে।
সিএনএন ইন্দোনেশিয়ার প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় প্রতিপক্ষ সিঙ্গাপুর। ২৮ সেপ্টেম্বর একই মাঠে সেই ম্যাচও শুরু হবে বিকেল ৩টায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অপেক্ষা করছে স্বাগতিক ইন্দোনেশিয়া। ১ অক্টোবরের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
অর্থাৎ গ্রুপের তিনটি ম্যাচই বাংলাদেশ খেলবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
| তারিখ | প্রতিপক্ষ | বাংলাদেশ সময় |
|---|---|---|
| ২৫ সেপ্টেম্বর | মালয়েশিয়া | বিকেল ৩টা |
| ২৮ সেপ্টেম্বর | সিঙ্গাপুর | বিকেল ৩টা |
| ১ অক্টোবর | ইন্দোনেশিয়া | সন্ধ্যা ৬টা ৩০ মিনিট |
আট দলের প্রিমিয়ার ডিভিশনের অন্য গ্রুপে আছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে। ফলে শিরোপার লড়াইয়ে জায়গা পেতে বাংলাদেশকে নিজেদের গ্রুপে সবার ওপরে থাকতে হবে।
প্রতিযোগিতাটি হবে দুটি ডিভিশনে। আট দলের প্রিমিয়ার ডিভিশন আয়োজন করবে ইন্দোনেশিয়া, আর ছয় দলের চ্যালেঞ্জ ডিভিশনের খেলা হবে হংকংয়ে।


